২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
SpaceX: মহাকাশেই তৈরি হবে বিশাল ডেটা সেন্টার! ইলন মাস্কের SpaceX-কে ১০ লক্ষ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি আমেরিকার
স্পেসএক্সের এই মহাকাশভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পের নাম ‘স্টারমাইন্ড’। পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) বিপুল সংখ্যক স্যাটেলাইট বসানো হবে। প্রতিটি স্যাটেলাইটে থাকবে বিশেষ কম্পিউটিং ব্যবস্থা। এই স্যাটেলাইটগুলি একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে বিশাল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করবে।
মহাকাশে এবার তৈরি হতে চলেছে বিশাল ডেটা সেন্টার! কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে অভিনব পরিকল্পনা নিয়েছেন বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি ইলন মাস্ক। তাঁর সংস্থা স্পেসএক্সকে (SpaceX) মহাকাশে সর্বোচ্চ ১০ লক্ষ স্যাটেলাইট পাঠানোর অনুমতি দিল আমেরিকা। এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর কক্ষপথেই তৈরি হবে ডেটা সেন্টার। সেখানেই বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কাজ চলবে। বুধবার (২৫ নভেম্বর) মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এই ঐতিহাসিক অনুমোদন দিয়েছে। প্রযুক্তি দুনিয়ায় এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে পরিকল্পনাটি বাস্তবে কতটা সফল হবে, তা নিয়ে বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞদের একাংশের মধ্যে সংশয়ও রয়েছে।
স্পেসএক্সের এই মহাকাশভিত্তিক ডেটা সেন্টার প্রকল্পের নাম 'স্টারমাইন্ড' (Starmind)। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) বিপুল সংখ্যক স্যাটেলাইট বসানো হবে। প্রতিটি স্যাটেলাইটে থাকবে বিশেষ কম্পিউটিং ব্যবস্থা। এই স্যাটেলাইটগুলি একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে বিশাল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করবে। পরে সেই তথ্য পৃথিবীতে পাঠানো হবে। এক্ষেত্রে স্পেসএক্সের ইতিমধ্যে মহাকাশে থাকা স্টারলিঙ্ক (Starlink) স্যাটেলাইট নেটওয়ার্ককেও ব্যবহার করা হবে। ফলে মহাকাশে তৈরি ডেটা সেন্টারের সঙ্গে পৃথিবীর যোগাযোগ বজায় রাখা অনেকটাই সহজ হবে বলে মনে করছে সংস্থা।
কেন মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা? বর্তমানে এআই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন। তার জন্য প্রয়োজন হচ্ছে অত্যাধুনিক কম্পিউটার, শক্তিশালী প্রসেসর এবং বিপুল বিদ্যুৎ। পৃথিবীতে ডেটা সেন্টার চালাতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। পাশাপাশি সার্ভার ঠান্ডা রাখতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ জল ও বিশেষ শীতলীকরণ ব্যবস্থা। স্পেসএক্সের দাবি, মহাকাশে সূর্যের আলো থেকে প্রায় নিরবচ্ছিন্ন শক্তি সংগ্রহ করা সম্ভব। বিশেষ করে সূর্য-সমলয় কক্ষপথে থাকা স্যাটেলাইট দীর্ঘ সময় সৌরশক্তি ব্যবহার করতে পারবে। সংস্থার যুক্তি, এর ফলে বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন খরচ কমবে এবং পৃথিবীর ডেটা সেন্টারের উপর চাপও অনেকটা হ্রাস পাবে।
এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে মাস্কের সংস্থা। এনভিডিয়া (Nvidia)-র সঙ্গে চুক্তি হয়েছে স্পেসএক্সের। এনভিডিয়া তাদের নতুন প্রজন্মের 'ভেরা রুবিন' (Vera Rubin) প্রসেসর সরবরাহ করবে, যা মহাকাশে কাজ করার উপযোগী করে তৈরি। ইলন মাস্কের পরিকল্পনা, ২০২৭ সালের শেষদিকে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করা এবং ২০২৮ সাল থেকে প্রকল্পের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া।
তবে অনুমোদন পেলেই যে একসঙ্গে ১০ লক্ষ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে, এমনটা নয়। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে এই প্রকল্পের অন্তত একটি মহাকাশ স্টেশন স্থাপন করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ অর্থাৎ এক লক্ষ স্যাটেলাইট এবং ২০৩৮ সালের মধ্যে অর্ধেক স্যাটেলাইট স্থাপনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। অনুমোদনের মেয়াদ ২০৪০ সাল পর্যন্ত।
অন্যদিকে, এই পরিকল্পনা ঘিরে উদ্বেগও কম নয়। মহাকাশে অতিরিক্ত স্যাটেলাইট পাঠালে সংঘর্ষের আশঙ্কা বাড়তে পারে। মহাকাশের আবর্জনা বা স্পেস ডেব্রির পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া মহাকাশে তীব্র বিকিরণ, চরম তাপমাত্রা এবং প্রসেসরের অতিরিক্ত তাপ বাইরে বের করে দেওয়ার মতো সমস্যারও সমাধান এখনও পুরোপুরি হয়নি। জ্যোতির্বিজ্ঞানীদের আশঙ্কা, বিপুল সংখ্যক উজ্জ্বল স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণেও বাধা সৃষ্টি করতে পারে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-সহ একাধিক সংস্থা এই প্রকল্পের বিরোধিতা করেছে।
এদিকে, মহাকাশে ডেটা সেন্টার তৈরির দৌড়ে শুধু স্পেসএক্স নয়, রয়েছে গুগল, ব্লু অরিজিন এবং স্টারক্লাউডের মতো সংস্থাও। গুগলের প্রকল্পের নাম 'সানক্যাচার' এবং ব্লু অরিজিনের পরিকল্পনা 'প্রজেক্ট সানরাইজ'। ফলে আগামী দিনে এআই প্রযুক্তির প্রতিযোগিতা শুধু পৃথিবীর মাটিতে নয়, মহাকাশেও ছড়িয়ে পড়তে চলেছে।
E-Paper
