IAF 6th Generation Jet: ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে জাপানের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! ব্রিটেন-ইতালির সঙ্গেও জোট

সূত্রের খবর, এই তিন দেশের যৌথ উদ্যোগে তৈরি গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম (জিসিএপি)-এ যোগ দেওয়ার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই জোটে ভারতের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে।

Published on: Nov 10, 2026, 08:19:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আকাশপথে সামরিক শক্তি বাড়াতে আরও বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি এ বার সরাসরি ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির আন্তর্জাতিক প্রকল্পে যোগ দেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি। আর সেই লক্ষ্যেই জাপান, ব্রিটেন ও ইতালির সঙ্গে হাত মেলাতে পারে ভারত। সূত্রের খবর, এই তিন দেশের যৌথ উদ্যোগে তৈরি গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম (জিসিএপি)-এ যোগ দেওয়ার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এই জোটে ভারতের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে। এই প্রকল্পে ভারতের হয়ে রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাণ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) অংশীদার হতে পারে বলেও খবর।

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে জাপানের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! ব্রিটেন-ইতালির সঙ্গেও জোট
ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে জাপানের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত! ব্রিটেন-ইতালির সঙ্গেও জোট

বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ করছে। ব্রিটেন, জাপান ও ইতালি যৌথ ভাবে জিসিএপি প্রকল্পের মাধ্যমে এই বিমান তৈরি করছে। অন্য দিকে, ফ্রান্সের নেতৃত্বে চলছিল ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) প্রকল্প। এই উদ্যোগে জার্মানিও ছিল। কিন্তু দুই দেশের মধ্যে মতপার্থক্যের জেরে যৌথ যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা ভেস্তে যায়। ফলে ভারত এখন জাপান, ব্রিটেন ও ইতালির জোটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে সংসদীয় প্রতিরক্ষা কমিটির বৈঠকে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান জানিয়েছিলেন, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে ভারত আন্তর্জাতিক কোনও একটি জোটের সঙ্গে কাজ করতে আগ্রহী। তখন দুটি সম্ভাব্য জোটের কথা উঠে এসেছিল। একটি ব্রিটেন, ইতালি ও জাপানের। অন্যটি ফ্রান্স ও জার্মানির। পরে অগস্টে প্রতিরক্ষা মন্ত্রক সংসদীয় কমিটিকে জানিয়েছিল, ফ্রান্সের নেতৃত্বাধীন এফসিএএস প্রকল্পে যোগ দেওয়ার বিষয়ে উদ্যোগ শুরু করেছে ভারত। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নয়াদিল্লি এখন জাপানের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা হয়নি।

কী কী বিশেষত্ব থাকবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে?

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় আরও উন্নত প্রযুক্তি থাকবে ষষ্ঠ প্রজন্মের বিমানে। অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এই বিমানগুলির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে চলেছে। ফলে শত্রুর অবস্থান চিহ্নিত করা, পরিস্থিতি বিশ্লেষণ এবং নির্ভুল হামলা চালানোর ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া, এই বিমান থেকে একাধিক চালকবিহীন ড্রোন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সামরিক পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হয় ম্যানড-আনম্যানড টিমিং। অর্থাৎ, একজন পাইলট নিজের যুদ্ধবিমানে বসেই একাধিক ড্রোনকে নির্দেশ দিতে পারবেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা, সেন্সর প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহারের সুবিধাও থাকবে।

ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প?

বর্তমানে ভারত ৪.৫ প্রজন্মের রাফাল যুদ্ধবিমান কিনছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) তৈরির কাজও চলছে। তবে শুধু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে আটকে থাকতে চাইছে না ভারত। ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিতেও এগিয়ে থাকতে চায় বায়ুসেনা।

ব্রিটেনের সরকারি ঘোষণা অনুযায়ী, জিসিএপি প্রকল্পের যুদ্ধবিমান ২০৩৫ সালের মধ্যে বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। ফলে এই জোটে ভারত যোগ দিতে পারলে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি, গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হতে পারে। চিনের সামরিক শক্তি বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেও এই উদ্যোগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More