ICC Chairman Jay Shah: দ্বিতীয় ইনিংস শুরু জয় শাহের! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান নির্বাচিত

১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাহকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে। আইসিসির পরিচালকদের প্রস্তাবের পর বোর্ড তাঁর পুনর্নিয়োগে সিলমোহর দেয়।

Published on: Nov 16, 2026, 12:12:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক মঞ্চে ভারতের প্রভাব আরও একবার স্পষ্ট হল। টানা দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে। আইসিসির পরিচালকদের প্রস্তাবের পর বোর্ড তাঁর পুনর্নিয়োগে সিলমোহর দেয়। ফলে আগামী দিনেও বিশ্ব ক্রিকেটের প্রশাসনিক দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন ক্রিকেট বোর্ডের সচিব।

**EDS: FILE IMAGE** The International Cricket Council on Monday announced that Jay Shah has been reappointed unopposed as its Chairman for a second term of two years, on Monday, Nov. 16, 2026. Shah is seen during the BCCI Naman Awards 2026, in New Delhi, in this file image dated, Sunday, March 15, 2026. (PTI Photo/Kamal Kishore)(PTI11_16_2026_000097B) (PTI)
**EDS: FILE IMAGE** The International Cricket Council on Monday announced that Jay Shah has been reappointed unopposed as its Chairman for a second term of two years, on Monday, Nov. 16, 2026. Shah is seen during the BCCI Naman Awards 2026, in New Delhi, in this file image dated, Sunday, March 15, 2026. (PTI Photo/Kamal Kishore)(PTI11_16_2026_000097B) (PTI)

আইসিসির তরফে জানানো হয়েছে, জয় শাহের নেতৃত্বের উপর বোর্ডের আস্থা থেকেই এই সিদ্ধান্ত। বিশ্ব ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ক্রিকেটের আন্তর্জাতিক প্রসার, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে আইসিসির। সেই কাজে ধারাবাহিকতা বজায় রাখতেই জয় শাহের উপর ফের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসির বোর্ডের আস্থায় তিনি সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির সদস্য দেশগুলির সঙ্গে একযোগে কাজ করতে চান। ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বাড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য।

বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে ঘিরে বড় পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক জনপ্রিয়তা বাড়াতে চান জয়। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শক এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে এই খেলাকে পৌঁছে দেওয়ার বিশেষ সুযোগ তৈরি করবে।

শুধু বড় প্রতিযোগিতার আয়োজন নয়, ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও ভাবতে চান আইসিসি চেয়ারম্যান। জয় শাহ জানিয়েছেন, খেলোয়াড়, দর্শক, বাণিজ্যিক সহযোগী এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্য সব পক্ষের স্বার্থ মাথায় রেখে আরও শক্তিশালী ও স্থায়ী কাঠামো গড়ে তোলা প্রয়োজন। ক্রিকেটের আসল শক্তি মানুষকে এক জায়গায় নিয়ে আসার ক্ষমতা। সেই শক্তিকে কাজে লাগিয়েই খেলাটির আরও উন্নতি করতে চান তিনি।

এদিকে জয় শাহের দ্বিতীয় মেয়াদকে স্বাগত জানিয়েছেন আইসিসির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারকে আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সিরিজগুলির গুরুত্ব বজায় রাখা আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। অন্যদিকে আইসিসির স্বাধীন ডিরেক্টর রস রিভাজ মহিলাদের ক্রিকেটের উন্নতিতে আরও জোর দেওয়ার কথা বলেছেন। জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তথা আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানিও জয় শাহের নেতৃত্বের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। ওই বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছিলেন জয়। তার আগে ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব সামলেছেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এবার দ্বিতীয় মেয়াদে তাঁর সামনে লক্ষ্য, ক্রিকেটের বিশ্বায়ন, মহিলাদের ক্রিকেটের প্রসার, সহযোগী দেশগুলির সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক কাঠামোকে আরও মজবুত করা। অলিম্পিকের মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং আগামী দিনের একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিকল্পনা এই মেয়াদকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More