WI Vs SA Match Impact on India: দক্ষিণ আফ্রিকা আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেই কি ভারত বিশ্বকাপের বাইরে?
আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই খেলার ফলাফলের প্রভাব পড়বে ভারতের সেমিফাইনালের দৌড়ের ওপরেও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। এই ম্যাচটি দুই দলের কাছেই 'করো বা মরো' ম্যাচ। এই দুটি ম্যাচই সেমিফাইনালের দৌড়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ী দলটি সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে, অন্যদিকে ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচে পরাজিত দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

দক্ষিণ আফ্রিকা জিতলে ভারত লাভবান হবে এবং সমীকরণ কিছুটা সরল হবে। যদি আজ ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, তাহলে তারা ২ পয়েন্টে আটকে থাকবে, অন্যদিকে ভারত যদি জিম্বাবুয়েকে হারায় তবে তাদের অ্যাকাউন্টেও ২ পয়েন্ট জুড়বে। এই ক্ষেত্রে, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে এবং পরের ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, তাহলে সুপার ৮ পর্বে শেষ ম্যাচে ভারতকে জিততে হবে। ১ মার্চ ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে, তখন দুই দলের মধ্যে সেটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল হবে। যে সেই ম্যাচ জিতবে, তারাই সেমিফাইনালে উঠবে।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে, তাহলে ভারতের জন্য সমীকরণ জটিল হয়ে পড়বে। তবে খাতায় কলমে সুযোগ তখনও থাকবে। তবে তার জন্য ভারতকে তাদের নেট রান রেট ভালো করতে হবে। এর জন্য জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। কারণ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর ভারতের নেট রান রেট নেগেটিভে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে, টিম ইন্ডিয়া যদি জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি ২ ম্যাচ জিততেও পারে, নেট রান রেটে তারা আটকে যেতে পারে। এদিকে সুপার ৮ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ওই ম্যাচে জিম্বাবুয়ে যদি বড় আপসেট করে, তাহলে লাভবান হবে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবুয়েকে হারায়, তাহলে শেষ পর্যন্ত ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ তিন দলের সামনে লেখা থাকবে ৪ পয়েন্ট। এমতাবস্থায় নেট রান রেট বেশি থাকা দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে।
E-Paper












