বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল ভারত। জেমাইমার ১২৭ রানের ইনিংস আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল। দুর্বল ফিল্ডিং ও শুরুতে দুই ওপেনার আউটের পরও ম্যাচ বের করে আনল শতরানের একটিমাত্র ইনিংস। তবে আজকের রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারত, দুই দলই জান লড়িয়ে খেলল শেষ পর্যন্ত।
জেমাইমার রানে ঐতিহাসিক জয়! (ছবি - REUTERS)
টসে জিতেই অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ভারতকে পাহাড় প্রমাণ ৩৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। অস্ট্রেলিয়ার ইনিংসের মূল আকর্ষণ ছিল ওপেনার ফোবি লিচফিল্ডের ঐতিহাসিক শতরান। ২২ বছর বয়সী ব্যাটার মাত্র ৯৩ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন। মহিলা বিশ্বকাপের নকআউট ম্যাচে এটাই সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের শতরান।
অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ ব্যাটিং
শুরুতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি দ্রুত আউট হলেও লিচফিল্ড এলিস পেরিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের বড় জুটি গড়েন। পেরীও দুর্দান্ত ব্যাটিং করে ৭৭ রান করেন। শেষ দিকে অ্যাশলে গার্ডনার মাত্র ৪৫ বলে ৬৩ রানের মারকাটারি ইনিংস খেলে অস্ট্রেলিয়ার স্কোরকে ৩৩৮-এ পৌঁছে দেন। সেমিফাইনালে শ্রী চারণী এবং দীপ্তি শর্মা ২টি করে উইকেট নিলেও বহু রান আটকাতে পারেনি ভারত। অন্যান্য দিনের তুলনায় ভারতের আজকের ফিল্ডিংও ছিল যথেষ্ট দুর্বল।
জেমাইমার ঐতিহাসিক ইনিংস
ফাইনালে পৌঁছতে হলে ভারতকে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে সর্বকালের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হত। পাল্টা জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি ভার্মা পাওয়ারপ্লে'র মধ্যেই আউট হয়ে যান। তবে, জেমাইমা রডরিগেজ ক্রিজে এসে ইনিংস ধরে রেখে শতরান গড়লেন। জেমাইমার রানের ইনিংসই গোটা ম্যাচকে ঘুরিয়ে দিল।
অসাধারণ সাপোর্ট হরমনপ্রীতের
জেমাইমার ইনিংসের পাশাপাশি উল্লেখ করতে হয় হরমনপ্রীত কৌরের ইনিংসেরও। শেষের দিকে অ্যাশলে গার্ডনারের ক্যাচে আউট হয়ে গেলেও প্রথম থেকেই দুর্ধর্ষ খেলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। দুজন ওপেনার আউট হয়ে যাওয়ার পর জেমাইমার মূল সাপোর্ট ছিলেন হরমনপ্রীত। ৮৮ বলে ৮৯ রান করে ৩৩৮-এর টার্গেট তাড়া করতে দলকে অনেকটাই সাহায্য় করলেন আজ।
Home/News/Ind Vs Aus Women Semifinal 2025: জেমাইমা-ঝড়ে ৫ উইকেটে ঐতিহাসিক জয়…অসি-বধ! বিশ্বকাপ ফাইনালে ভারত