IIT Delhi: দেশের প্রথম কার্যকরী ক্ষমতা যুক্ত ডেমোনেস্ট্রেবল ইন্ডিজেনাস মাইক্রো গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করল ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির দিল্লির (IIT Delhi) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা। এর ফলে বিশ্বব্যাপী যে জিপিইউ-র চাহিদা তৈরি হয়েছে সেখানে কিছুটা হলেও অন্য দেশের উপর ভারতের নির্ভরশীলতা কমবে।

এই প্রজেক্টটির নেতৃত্বে রয়েছেন এমটেকের পড়ুয়া নাম্মি আকাশ এবং এম রবি তেজা। তাঁদের গাইড করেছেন প্রফেসর জয়দেব এবং কৌশিক সাহা। তাঁরা প্রত্যেকেই আইআইটি দিল্লির ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপক। বর্তমানে বিশ্বব্যাপী যে সব ইলেকট্রনিক্স সামগ্রী তৈরি হচ্ছে সেখানে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে জিপিইউ। এছাড়াও এআই এবং মেশিন লার্নিং সিস্টেমের উন্নতির জন্যও প্রয়োজন হয় এই চিপ। কিন্তু সমস্যার বিষয়, ভারত এখনও পর্যন্ত সমস্ত ধরনের চিপ বিভিন্ন দেশ থেকে আমদানি করে। গবেষকরা জানিয়েছেন, এটা সর্বপ্রথম একটি মাইক্রো জিপিইউ যা ভারতীয় কোনও বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে । যে আর্কিটেকচারে এটি তৈরি করা হয়েছে তা বিভিন্ন বিভিন্ন গ্রাফিক্স, ডিসপ্লে প্রসেসিং এবং একাধিক অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা সম্ভব ।
ওই দলের সদস্যরা সম্পূর্ণভাবে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ (RTL)-এ উপর তৈরি করা এবং একটি স্পার্টান-৭ (Spartan-7) ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে (FPGA) প্ল্যাটফর্মে ম্যাপ করা কাস্টম ফ্লোটিং-পয়েন্ট জিপিইউ ইঞ্জিন ব্যবহার করে প্রোগ্রামেবল গ্রাফিক্স রেন্ডারিং-এর ক্ষেত্রে সফলতা পেয়েছে। যেভাবে হার্ডওয়ার ডিজাইন করা হয়েছে তাতে এই চিপটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করা সম্ভব। এর সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল ডিসপ্লে তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এছাড়াও লো কস্ট হিউম্যান মেশিন ইন্টারফেস, ই-রিক্সার ড্যাশবোর্ড নেভিগেশন সিস্টেম, ছোটো মাছ ধরার বোটের ক্ষেত্রে এই চিপ ব্যবহার করা সম্ভব। অন্যদিকে, ই-বুক রিডারদের ক্ষেত্রেও এই চিপ ব্যবহার করে বিভিন্ন ডিভাইস তৈরি করা সম্ভব। এই প্রসঙ্গে আকাশ ও তেজা একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল একটি কমপ্যাক্ট প্রগ্রামেবল গ্রাফিক্স প্রসেসিং সিস্টেম তৈরি করা। যা ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে (FPGA) প্রয়োগ করতে পারে। তাঁদের আশা নতুন এই চিপ-টি বিভিন্ন ডিজিট্যাল ডিভাইসে ব্যবহার করা সম্ভব। পাশাপাশি, এই প্রজেক্টে সহায়তা করার জন্য আইআইটি দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।