Imran Khan Health: তিন বছর ধরে কারাবন্দি! ইমরান খানের অবস্থা সম্পর্কে কী বললেন প্রাক্তন পিসিবি প্রধান?

Imran Khan: পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সুচিকিৎসা নিশ্চিত করতে সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সম্প্রতি একটি যৌথ চিঠি দিয়েছেন ২২ জন প্রাক্তন অধিনায়ক। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও কিংবদন্তি সুনীল গাভাস্কারও রয়েছেন।

Published on: Aug 26, 2026, 13:38:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Imran Khan: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের (Imran Khan) শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ অব্যাহত। দুর্নীতির অভিযোগে তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন প্রধান তথা তাঁর সতীর্থ রামিজ রাজা (Ramiz Raja)।

ইমরান খানের অবস্থা সম্পর্কে কী বললেন প্রাক্তন পিসিবি প্রধান? File Photo (REUTERS)
ইমরান খানের অবস্থা সম্পর্কে কী বললেন প্রাক্তন পিসিবি প্রধান? File Photo (REUTERS)

পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের সুচিকিৎসা নিশ্চিত করতে সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে সম্প্রতি একটি যৌথ চিঠি দিয়েছেন ২২ জন প্রাক্তন অধিনায়ক। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও কিংবদন্তি সুনীল গাভাস্কারও রয়েছেন। তবে সেই তালিকায় কোনও পাকিস্তানি ক্রিকেটারের নাম না থাকায় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে স্কাই স্পোর্টসের ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন দুই ক্রিকেটার ডেভিড লয়েড ও অ্যালিস্টার কুকের প্রশ্নের জবাবে ইমরান খানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন রামিজ রাজা।

ইমরানকে নিয়ে আলোচনার সূত্রপাত হয় যখন রামিজ জানান, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। সেই সময় ওই পডকাস্টের প‌্যানেলে উপস্থিত ছিলেন অ্যালিস্টেয়ার কুক, মাইকেল ভন, ডেভিড লয়েড এবং ফিল টাফনেল। ডেভিড লয়েড প্রথমে ইমরানের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে রামিজ বলেন, সম্প্রতি ইমরান খানের চোখে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার চিকিৎসা ইতিমধ্যে করানো হয়েছে। তাঁর কথায়, ‘তিনি এখন সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় আছেন। তাঁর অসংখ্য ভক্ত রয়েছে, কিন্তু চরম বাস্তব হলো মানুষটি তিন বছর ধরে বন্দি। সময়টা তাঁর জন্য অত্যন্ত কঠিন।’ তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগেই তাঁর চোখে সমস্যা দেখা দিয়েছিল, তবে সেটা সামাল দেওয়া হয়েছে। এছাড়া তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি, তাঁর মানসিক শক্তি ও ধৈর্য কতটা দৃঢ়।’

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লেখা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও কিংবদন্তি সুনীল গাভাস্কার ছাড়াও রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেঙ্গসরকার, স্টিভ ওয়াহ, জন রাইট, মাইকেল ব্রিয়ারলি, মাইকেল গ্যাটিং, কিম হিউজ, লি জারমন এবং নারী ক্রিকেটের অন্যতম সেরা দুই ব্যক্তিত্ব বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল। চিঠিতে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশের বিষয়টি তুলে ধরা হয়। ক্রিকইনফোরকে উদ্ধৃত করে জানা যায়, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করে একটি বিশেষ মেডিকেল বোর্ডের মাধ্যমে শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল। সেই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ড. উজমা খানকে রাখার কথা বলা হয়েছিল এবং পরিবারকে প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতি পুনর্বহাল করা হয়েছিল।

আদালত এই ইতিবাচক পদক্ষেপগুলো নিলেও ইমরান খানকে হাসপাতালে রাখা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। আদালতের নির্দেশিত পূর্ণাঙ্গ বোর্ডের বদলে সরকার নিযুক্ত একটি চিকিৎসক দল তাকে পরীক্ষা করেই তড়িঘড়ি ‘সম্পূর্ণ সুস্থ’ ঘোষণা করে এবং বোর্ড কাজ শেষ করার আগেই তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। চিঠিতে এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।