২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Modi-Balen Meet: মোদীর সঙ্গে বৈঠকে বালেন শাহ, ভারত-নেপাল সম্পর্ক মজবুত করার বার্তা, উদ্বোধন অযোধ্যা-জনকপুর ট্রেন
মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গত রবিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরকে ঘিরে নতুন করে গতি পেল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ, রেলপথ এবং পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে দু’পক্ষের। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৈঠকে ভারত-নেপাল সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার নতুন পথও খতিয়ে দেখেছেন দুই প্রধানমন্ত্রী।

মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই বালেন শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। গত রবিবার দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। ভারতীয় সেনার তরফে গার্ড অব অনারও দেওয়া হয় নেপালের প্রধানমন্ত্রীকে। পরে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শাহ।
বালেন শাহের সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধি দলও এসেছে ভারতে। সেই দলে রয়েছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাণিজ্য প্রতিনিধিরা। রবিবার সন্ধ্যায় শাহের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাণিজ্য, যাতায়াত, বিদ্যুৎ, শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি উঠে আসে সেই আলোচনায়।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত সরাসরি রেল পরিষেবার উদ্বোধন। সোমবার দুপুরে মোদী ও বালেন শাহ ভার্চুয়ালি সারযূ-কমলা এক্সপ্রেসের সূচনা করবেন বলে জানানো হয়েছে। প্রায় ৬০৪ কিলোমিটারের এই রেলপথ পেরোতে সময় লাগবে আনুমানিক ১৯ ঘণ্টা। সপ্তাহে এক দিন চলবে ট্রেনটি। ২৮ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত যাত্রী পরিষেবা। রামায়ণের সঙ্গে জড়িত দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান অযোধ্যা ও জনকপুরের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে এই পরিষেবার মাধ্যমে। এতে তীর্থযাত্রা, পর্যটন এবং সীমান্ত এলাকার বাণিজ্যও বাড়বে বলে আশা করা হচ্ছে।
অর্থনৈতিক সহযোগিতাও আলোচনার বড় বিষয়। অগস্টে ভোতেকোশি এলাকায় ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্গঠনে ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ চেয়েছে কাঠমান্ডু। এর মধ্যে ১০০ কোটি ডলার অনুদান হিসেবে চাওয়া হয়েছে। নেপালের দাবি, এই অর্থ পরিকাঠামো উন্নয়ন ও বিপর্যয় পরবর্তী পুনর্গঠনে কাজে লাগবে। ভারত প্রায় ১৫০ কোটি ডলারের অনুদান ও ঋণসুবিধা দিতে পারে বলে নেপালের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার অপেক্ষা রয়েছে।
এ ছাড়াও জলবিদ্যুৎ, নতুন বিমানপথ, প্রযুক্তি, পরিকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। নেপাল কাঠমান্ডু-মহেন্দ্রনগর বিমানপথকে দুই দিকের আন্তর্জাতিক উড়ানের উপযোগী করার আবেদনও জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০২৫ সালের জেন জি আন্দোলনের জেরে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। সেই সময়ের পর দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কাটিয়ে আস্থার পরিবেশ ফেরানোও এই সফরের অন্যতম লক্ষ্য। ফলে বালেন শাহের এই সফরকে শুধু রেল বা আর্থিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভারত-নেপাল সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছে কূটনৈতিক মহল।
E-Paper
