Bangladesh latest: বাংলাদেশের একাংশে রাতে পুলিশ কর্মীদের একা চলাচল না করার নির্দেশ তারেক-প্রশাসনের! কী ঘটছে? খবরে খুলনা
বাংলাদেশের খুলনায় কী ঘটছে!
খবরের শিরোনাম কাড়ছে বাংলাদেশের খুলনা। সেখানে রাতে পুলিশ কর্মীদের একা চলাচল না করার জন্য এক নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। মূলত, খুলনায় ভয়াবহ ছিনতাইয়ের ঘটনার পরই এই নির্দেশ এসেছে।

সদ্য খুলনা নগরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পরই এই নির্দেশিকা তারেক প্রশাসনের তরফে এসেছে। জানা যাচ্ছে, ওই নির্দেশ পত্রে বলা হয়েছে, খুলনায় সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও পরিলক্ষিত হচ্ছে। সেই পরিস্থিতির দিকে নজর রেখেই বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, গোটা বিষয়টি নিয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ওই চিঠির কপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানাগুলিতে পাঠানো হয়েছে।
বাংলাদেশের পুলিশ প্রশাসনের এই চিঠি ঘিরে উঠছে নানান প্রশ্ন। এই চিঠি কি কোনও ধরনের নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে? প্রশ্ন আসতেই পুলিশ কর্তা, সরকার ওমর ফারুক বলেন, ‘আসলে এটা আমাদের অভ্যন্তরীণ একটা চিঠি। চিঠিতে তো বিস্তারিত লেখা যায় না। যাতে কোনও পুলিশ সদস্য ছিনতাইকারীর কবলে না পড়েন, সে জন্যই মূলত এই চিঠি দেওয়া।’ প্রশ্ন উঠছে, যদি পুলিশ সদস্যদের প্রতি এই বার্তা থাকে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের, তাহলে সেই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার পরিস্থিতি কী হতে পারে!
এর আগে, খুলনায় বৃহস্পতিবার ভোররাত আড়াইটার দিকে খুলনার খানজাহান আলি রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলম ছিনতাইকারীদের হামলার শিকার হন। জানা যায়, তিনি ছিলেন রিক্সায়। স্কুলের সামনে তিন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে টাকা ও ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে ভয়াবহভাবে কোপ দেয়। তিনি হাসপাতালে ভর্তি হলেও, পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এর আগে, একাধিক খুনের ঘটনা ঘটে বাংলাদেশের রূপসায়। তারপর বাংলাদেশের পুলিশ নামে অভিযানে। গত মঙ্গলবার রাত থেকে অপরাধী গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে খুলনা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এরপর এল খুলনা পুলিশের এই নির্দেশিকা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


