Kerala Elecetion:বামদুর্গ কেরলে তাঁর কেন্দ্রে কর্পোরেশন ভোটে দাপটে উড়ল BJP নিশান, কী বলছেন কংগ্রেসের শশী?
শশী থারুর তাঁর পোস্টে দিলেন কোন ইঙ্গিত?
বছর ঘুরলেই কেরলে বিধানসভা ভোট। ঠিক তার আগেই ২০২৫র শেষলগ্নে এসে দেশের দক্ষিণভূমে কার্যত দাপটে উড়ল পদ্মশিবিরের নেতৃত্বাধীন এনডিএর বিজয় নিশান। কেরলে শনিবার প্রকাশ্যে আসে একাধিক স্থানীয় প্রতিষ্ঠানের ভোটের ফলাফল। তারই মধ্যে আলাদা করে নজর কাড়ে কেরলের তিরুঅনন্তপুরমের কর্পোরেশনের ভোট। যেখানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৪৫ বছরের বামদুর্গে ব্যাপক ধাক্কা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। বাম শাসিত কেরলে কেন্দ্রের শাসক শিবিরের এই জয় দক্ষিণভূমে বহু রাজনৈতিক সমীকরণের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ।

কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের সাংসদ কংগ্রেসের শশী থারুর। আর সেই তিরুঅনন্তপুরমের কর্পোরেশনের ভোটে বামেদের জোর ধাক্কা দিয়েছে এনডিএ শিবির। তিরুবনন্তপুরম কর্পোরেশনের ১০১টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে এনডিএ ৫০টি, ইউডিএফ ১৯টি, এলডিএফ ২৯টি এবং অন্যান্যরা দুটি ওয়ার্ড জিতেছে। এর আগে এই পুরনিগমের ক্ষমতায় ছিল বামজোট এলডিএফ। তাদের ২৯ টি আসন কমে গিয়েছে ২০২৫ সালের এই ভোটে। এই ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জয়ের পর নরেন্দ্র মোদী এক পোস্টে লেখেন,'ধন্যবাদ, তিরুবনন্তপুরম!' একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘তিরুবনন্তপুরম কর্পোরেশনে বিজেপি-এনডিএ যে ম্যান্ডেট পেয়েছে তা কেরালার রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত।’ উল্লেখ্য, গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী মোদী তথা বিজেপির সঙ্গে শশী থারুরের সম্পর্ক নিয়ে বহু চর্চা চলেছে। আর এই কংগ্রেসের শশী থারুরের কেন্দ্রে বামেদের পরাজয় ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএর জয় নিয়ে শশী বলছেন,' এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের রায়কে সম্মান করতে হবে, তা সে সামগ্রিকভাবে ইউডিএফের জন্য হোক বা আমার নির্বাচনী এলাকার বিজেপির জন্য।'
এই পোস্টেই শশী লেখেন,'আমি তিরুবনন্তপুরমে বিজেপির ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করতে চাই এবং সিটি কর্পোরেশনে তাদের উল্লেখযোগ্য জয়ের জন্য বিনীত অভিনন্দন জানাতে চাই - একটি শক্তিশালী প্রদর্শন যা রাজধানীর রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের চিহ্ন। আমি ৪৫ বছরের এলডিএফের দুঃশাসন থেকে পরিবর্তনের জন্য প্রচার চালিয়েছিলাম, কিন্তু ভোটাররা শেষ পর্যন্ত অন্য একটি দলকে পুরস্কৃত করেছেন যারা শাসনব্যবস্থায় স্পষ্ট পরিবর্তন চেয়েছিল।'
এদিকে, তিরুঅন্তপুরম বামগড় থেকে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ২০২০ সালের ভোটের জেতা পালাক্কড় পুরসভাও এ বার দখলে রেখেছে বিজেপি। তবে সামগ্রিকভাবে দেখলে কেরলেই এই স্থানীয় নির্বাচনে কংগ্রেসের অঙ্ক উজ্জ্বল!
কেরলে এ বার দুটি দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ৫০ টি পুরসভায় এগিয়ে, বামেরা ২৫ টিতে। কেরলে কোচি, ত্রিশূর, কোল্লমের বহু পুরনিগমে কংগ্রেস দাপট দেখাচ্ছে। যদিও কেরলের বহু জায়গায় কংগ্রেস জোটের পুরনিগমের ভোটের জয়ের পরিসংখ্যানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বামেরা। কংগ্রেসের এই ফল নিয়ে শশী থারুর তাঁর পোস্টে বলেন,' বিভিন্ন স্থানীয় সংস্থায় সত্যিকার অর্থেই চিত্তাকর্ষক জয়ের জন্য UDFKeralaকে অনেক অভিনন্দন! রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটি একটি বিশাল সমর্থন এবং একটি শক্তিশালী সংকেত। কঠোর পরিশ্রম, একটি শক্তিশালী বার্তা এবং ক্ষমতাসীন বিরোধী মনোভাব স্পষ্টতই ২০২০ সালের তুলনায় অনেক ভালো ফলাফল অর্জনের জন্য ফলপ্রসূ হয়েছে।'












