Meerut News: মিরাটে হুলুস্থূল! হোটেল থেকে পালালেন তরুণী, প্রকাশ্যে টেনেহিঁচড়ে ফেরানোর চেষ্টা প্রাক্তন প্রেমিকের

Meerut News: ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সোমবার তিনি মোহকমপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে রাতে গাজিয়াবাদে ফেরার সময় সলমন তাঁকে আবু লেনের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে মারধর করে এবং রাতভর একটি ঘরে আটকে রাখে।

Published on: Nov 25, 2026, 23:09:17 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Meerut News: উত্তরপ্রদেশের মিরাটের একটি হোটেল রুম থেকে কোনওমতে পালিয়ে বাঁচেন ২৪ বছর বয়সি এক তরুণী। কিন্তু ব্যস্ত বাজারের মাঝেই প্রাক্তন প্রেমিক তাঁকে ধরে ফেলেন এবং টেনেহিঁচড়ে ফের হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জনবহুল আবু লেন বাজারে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

মিরাটের ব্যস্ত বাজারে হুলুস্থূল! (সৌজন্যে এক্স )
মিরাটের ব্যস্ত বাজারে হুলুস্থূল! (সৌজন্যে এক্স )

জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সলমন। অভিযোগ, সলমন তরুণীর পিছু ধাওয়া করে তাঁকে ধরে ফেলে এবং জোর করে হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্ত ছাদ টপকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, গাজিয়াবাদের বসুন্ধরা এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে মিরাটের রোহতা এলাকার জৈনপুর গ্রামের বাসিন্দা সলমনের প্রায় আড়াই বছর ধরে পরিচয়। তাঁদের মধ্যে আগে প্রেমের সম্পর্কও ছিল। সম্প্রতি তরুণীর পরিবার অন্যত্র তাঁর বিয়ে ঠিক করেছে। ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, সোমবার তিনি মোহকমপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে রাতে গাজিয়াবাদে ফেরার সময় সলমন তাঁকে আবু লেনের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে মারধর করে এবং রাতভর একটি ঘরে আটকে রাখে। এমনকী ওই যুবক তরুণীর মোবাইল ফোনটিও কেড়ে নিয়েছিল, যদিও পরে সেটি ফেরত দেয় বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে দায়ের করা এফআইআর-এ তরুণী লিখেছেন, 'এক বছর আগে সলমন আমার প্রেমিক ছিল। সোমবার আমি মোহকমপুরে এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। রাতে গাজিয়াবাদে ফেরার সময় সলমন আমার বন্ধুর বাড়ি থেকে আমাকে একটি হোটেলে নিয়ে যায়, মারধর করে এবং সেখানে আটকে রাখে। ও আমার ফোনও কেড়ে নিয়েছিল, তবে পরে ফেরত দেয়। মঙ্গলবার বিকেলে আমি পালিয়ে আসি, কিন্তু ও আমাকে ধরে ফেলে, হুমকি দেয় এবং তারপর পালিয়ে যায়।' স্বেচ্ছায় আঘাত করা, অন্যায়ভাবে আটকে রাখা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১১৫(২), ১২৭(২) এবং ৩৫১(৩) ধারায় সলমনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

সার্কেল অফিসার (সদর) সঞ্জয় গুপ্ত বলেন, 'এক যুবক ও এক তরুণী হোটেলে উঠেছিলেন। বচসার জেরে তাঁদের মধ্যে মারধর শুরু হয়। তরুণী আমাদের জানিয়েছেন যে তিনি গত আড়াই বছর ধরে ওই যুবককে চেনেন এবং তাঁকে অপহরণ করা হয়নি বলেও স্পষ্ট করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' পুলিশ ইতিমধ্যেই হোটেলটি সিল করে দিয়েছে। সলমনকে গ্রেফতার করতে তল্লাশি চালানোর জন্য সোয়াট (SWAT) ইউনিট-সহ দুটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।