Vaibhav Sooryavanshi: 'পুরো প্রস্তুত বৈভব', বললেন ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ, তাহলে খেলানো হল না কেন?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হারার পর সাংবাদিক বৈঠকে রায়ান টেন ডেসকাটে স্পষ্ট জানিয়ে দেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অন্য ক্রিকেটারদের মতো তাকেও দলে জায়গা পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।

Published on: Jun 29, 2026, 14:13:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। দুরন্ত আইপিএল পারফরম্যান্সের পর তাঁকে আন্তর্জাতিক দলে দেখার প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে। সেই বিতর্কের মাঝেই বৈভবকে নিয়ে মুখ খুললেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে।

রায়ান টেন ডেসকাটে স্পষ্ট জানিয়ে দেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। (SLC)
রায়ান টেন ডেসকাটে স্পষ্ট জানিয়ে দেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। (SLC)

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হারার পর সাংবাদিক বৈঠকে রায়ান টেন ডেসকাটে স্পষ্ট জানিয়ে দেন, বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অন্য ক্রিকেটারদের মতো তাকেও দলে জায়গা পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে। তিনি বলেন, 'বৈভব আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সঞ্জু স্যামসনও এমন একজন ক্রিকেটার, যিনি মাত্র তিন মাস আগে টি-২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।'

ভারতীয় দলের নির্বাচনী নীতি ব্যাখ্যা করে রায়ান টেন ডেসকাটে আরও বলেন, 'সঞ্জুর আইপিএলও যথেষ্ট ভালো কেটেছে। আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে চাই এবং দলকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, এক-দুটি ম্যাচের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না। যাঁরা দলে রয়েছেন, তাঁদের পর্যাপ্ত সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য।'

তবে বৈভবকে নিয়ে দলের উচ্ছ্বাসের কথাও লুকিয়ে রাখেননি তিনি। তাঁর কথায়, 'আমরা সবাই বৈভবকে খেলতে দেখার জন্য মুখিয়ে আছি। কিন্তু তাঁকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে তাঁর প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই।' এর আগেও সিরিজ শুরুর আগে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক একই ধরনের মন্তব্য করেছিলেন। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে তরুণ প্রতিভাকে তাড়াহুড়ো করে আন্তর্জাতিক ক্রিকেটে নামাতে চাইছে না, সেটাই আরও একবার স্পষ্ট হয়ে গেল।

চলতি আইপিএলে বৈভব সূর্যবংশী ছিলেন নজরকাড়া পারফর্মার। ২৩০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। একই সঙ্গে জেতেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এবং ইমার্জিং প্লেয়ার-এর পুরস্কার। এবার ভারতের সামনে ইংল্যান্ড সফর। আগামী ১ জুলাই চেস্টার-লে-স্ট্রিটে শুরু হবে টি-২০ সিরিজ। সেই সিরিজেই বৈভবের অভিষেক হতে পারে বলে জল্পনা আরও জোরালো হয়েছে। যদি তিনি এই সফরেই ভারতের জার্সিতে অভিষেক করেন, তবে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নতুন নজির গড়বেন এই ১৫ বছরের বিস্ময়বালক।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More