India on Chinese Vloggers: 'মিথ্যা বয়ান ছড়িয়ে...,' চিনের ভ্লগারদের ভারত-বিরোধী প্রচার, বাংলাদেশকে কড়া বার্তা কেন্দ্রের
India on Chinese Vloggers: বিদেশমন্ত্রকের বক্তব্য, চিনা ভ্লগারদের একটি দল ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সেখানকার দারিদ্র্য ও নাগরিক পরিষেবার দুরবস্থার ছবি তুলছে। পরে সেই ছবি ও ভিডিওকে দিল্লির দৃশ্য বলে প্রচার করা হচ্ছে।
India on Chinese Vloggers: ঢাকার বস্তির ছবি। অথচ মিডিয়ায় প্রচার করা হচ্ছে, এ নাকি নয়াদিল্লির বাস্তব চিত্র! চিনা ভ্লগারদের এই প্রচারে এ বার সরাসরি হস্তক্ষেপ করল ভারত। বাংলাদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই চেষ্টা বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি। শুধু প্রতিবাদ জানানোই নয়, এই প্রচারে যুক্ত চিনা নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য বাংলাদেশকে আর্জি জানিয়েছে কেন্দ্র।

বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি এলাকা ও আশপাশের নিম্নবিত্ত মানুষের ঝুপড়ি বাড়ির ছবি তুলে লাগাতার ভ্লগিং করে চলেছেন চিনের একদল ভ্লগার। সেই সঙ্গেই ওই এলাকাকে দিল্লির অংশ বলেও প্রচার করা হচ্ছে। জানা গিয়েছে, ঢাকার উত্তরা সেক্টর ১২ এবং টেকপাড়া এলাকার সরু গলি, বস্তি ও নিম্নবিত্ত মানুষের বস্তিতে ঘুরে ঘুরে নিয়মিত ভিডিয়ো ও ভ্লগিং করছেন শতাধিক চিনা ভ্লগার। সেই জায়গাগুলিকেই নয়াদিল্লি বলে উল্লেখ করছেন তাঁরা বলেও দাবি। শুধু জায়গার পরিচয় বদলে দেওয়াই নয়, ভিডিয়োয় সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা, খাবার এবং পরিচ্ছন্নতা নিয়েও আপত্তিকর মন্তব্য করছেন ওই চিনা ভ্লগাররা। ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে লাইভ সম্প্রচার করছেন ১৫০ জন চিনা নাগরিক।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে সরব হন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, 'কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরে বিভ্রান্তিকর বয়ান তৈরি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।' গোটা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, 'মিথ্যা বয়ান ছড়িয়ে কোনও লাভ নেই। তাতে অভিযুক্তরা এবং নেপথ্যে থাকা শক্তিগুলিই প্রশ্নের মুখে পড়ে।' বিদেশমন্ত্রকের বক্তব্য, চিনা ভ্লগারদের একটি দল ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সেখানকার দারিদ্র্য ও নাগরিক পরিষেবার দুরবস্থার ছবি তুলছে। পরে সেই ছবি ও ভিডিওকে দিল্লির দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। অর্থাৎ, অন্য দেশের বাস্তব ছবিকে ভারতের রাজধানীর বলে চালিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের আর্থসামাজিক অগ্রগতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে। তাঁর কথায়, ‘কোনও দেশের বিষয়ে বিকৃত চিত্র তুলে ধরার এই ধরনের প্রচেষ্টা দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লির মতো করে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে কাজে লাগানোর যে চেষ্টা চলছে, তা যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত এবং যারা এর নেপথ্যে রয়েছেন তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাব, তারা যেন এই সব ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।’
গোটা ঘটনায় একাধারে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন নয়াদিল্লি। এর নেপথ্যে কোনও সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও কোনও রাষ্ট্রের প্রত্যক্ষ মদতের প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর প্রচার চলতে পারে না, ঢাকাকে কার্যত সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এখন দেখার, ভারতের এই কূটনৈতিক অনুরোধে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ করে।
E-Paper

