Sign in

India Warns Iran : হরমুজে ভারতীয় তেলবাহী জাহাজে এলোপাথাড়ি গুলি, ইরানকে চরম হুঁশিয়ারি ভারতের

India Warns Iran : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ওপর টোল আরোপ করতে চায়, যদিও ভারতীয় কর্তৃপক্ষ এই ধরনের কোনও দাবিতে নতি স্বীকার করতে নারাজ।

Published on: Apr 19, 2026, 15:48:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India Warns Iran : শনিবার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালিয়েছে ইরান। এই হামলার জেরে শেষ পর্যন্ত পিছু হটেছে জাহাজ দুটি। ভারতীয় জাহাজের উপর এহেন হামলার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ নয়া দিল্লি। তবে রবিবার ভারতীয় আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কর্তৃক আক্রান্ত দুটি ভারতীয় অপরিশোধিত তেলবাহী জাহাজে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় জাহাজ দুটির মধ্যে একটির কেবিনের কাচ ভেঙে গিয়েছে। ইতিমধ্যে ভারত তেহরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ধরনের হামলা মেনে নেওয়া হবে না এবং এর পরিণতি ভোগ করতে হবে।

ইরানকে চরম হুঁশিয়ারি ভারতের (REUTERS)
ইরানকে চরম হুঁশিয়ারি ভারতের (REUTERS)

জানা গেছে, এই ঘটনা নিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ভারতে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন মধ্যে এক গভীর মতপার্থক্য তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ওপর টোল আরোপ করতে চায়, যদিও ভারতীয় কর্তৃপক্ষ এই ধরনের কোনও দাবিতে নতি স্বীকার করতে নারাজ। ঘটনাচক্রে ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’-নামে দুটি জাহাজে হামলাটি এমন এক সময়ে ঘটেছে যখন ভারত ও ইরানের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সামরিক আদানপ্রদান চলছিল। আইরিস লাভান নামক ইরানি যুদ্ধজাহাজটি বর্তমানে দক্ষিণ ভারতের কোচি বন্দরে নোঙর করা রয়েছে। জাহাজটিতে থাকা ১৮৩ জন নাবিকের মধ্যে ১২০ জনকে ইতিমধ্যেই ইরানে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে কোচিতে যারা রয়েছেন, তারা মূলত জাহাজটির প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ এবং জাহাজটিকে পুনরায় চলাচলের উপযোগী করার জন্য কাজ করছেন।

এক ভারতীয় কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন যে, হরমুজ প্রণালী কোনও দেশের ব্যক্তিগত সম্পত্তি নয় যে সেখানে যাতায়াতের জন্য অবৈধভাবে অর্থ বা 'টোল' দিতে হবে। তিনি আরও বলেন, ইরানকে গুলি চালানোর পরিণতি ভোগ করতে হবে। ভারতের এই অনমনীয় মনোভাব আন্তর্জাতিক সমুদ্র আইন রক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। শনিবার ওমানের উত্তরে ইরানি নৌবাহিনীর হামলার শিকার হয় লক্ষ লক্ষ ব্যারেল তেল বহনকারী দুটি ভারতীয় জাহাজ, যেগুলি ছিল বিশাল অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। জাহাজ দুটি হরমুজ প্রণালী থেকে ফিরে যেতে বাধ্য হয়। তবে এর আগে ইরান জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত নয় এমন কোনও দেশকে লক্ষ্যবস্তু করা হবে না। এই ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক তীব্র প্রতিবাদ জানিয়েছে। গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সবমিলিয়ে এই ঘটনায় চাপানউতোর বাড়তে শুরু করেছে। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের গুলিবর্ষণকে গুরুত্ব সহকারে দেখছে এবং এ দেশ হরমুজ প্রণালীতে উন্মুক্ত ও অবাধ নৌচলাচলের পক্ষে।