India Only Major Power: এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় একমাত্র ‘মেজর পাওয়ার’ ভারত!পাকিস্তান-বাংলাদেশ কত নম্বরে?

ভারতই একমাত্র দেশ, যাকে ‘মেজর পাওয়ার’ বা বড় শক্তির তকমা দেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকা ও চিন রয়েছে ‘সুপারপাওয়ার’ শ্রেণিতে। জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ভারতের পিছনে রয়েছে। পাকিস্তানের স্থান ১৬ নম্বরে।

Published on: Nov 23, 2026, 11:04:03 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী হচ্ছে ভারতের অবস্থান। সামরিক ক্ষমতা, অর্থনীতি, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব—একাধিক মাপকাঠিতে বিশ্ব ক্রমতালিকায় তৃতীয় স্থান দখল করল ভারত। অস্ট্রেলিয়ার বিখ্যাত থিঙ্কট্যাঙ্ক লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে আমেরিকা ও চিনের পরেই জায়গা পেয়েছে নরেন্দ্র মোদীর দেশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতই একমাত্র দেশ, যাকে ‘মেজর পাওয়ার’ বা বড় শক্তির তকমা দেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকা ও চিন রয়েছে ‘সুপারপাওয়ার’ শ্রেণিতে। জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ভারতের পিছনে রয়েছে। পাকিস্তানের স্থান ১৬ নম্বরে।

এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় একমাত্র ‘মেজর পাওয়ার’ ভারত!পাকিস্তান-বাংলাদেশ কত নম্বরে? (narendramodi.in)
এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় একমাত্র ‘মেজর পাওয়ার’ ভারত!পাকিস্তান-বাংলাদেশ কত নম্বরে? (narendramodi.in)

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ১০০-র মধ্যে ৪০.৫ পয়েন্ট পেয়েছে ভারত। গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভারতের স্কোর ছিল ৪০। এক বছরের ব্যবধানে ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দেশের। ফলে এশিয়ার শক্তির মানচিত্রে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে নয়াদিল্লি।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। তাদের স্কোর ৭৮.৯। দ্বিতীয় স্থানে চিন, তাদের প্রাপ্ত নম্বর ৭৩.৬। এই দুই দেশকেই ‘সুপারপাওয়ার’ হিসেবে চিহ্নিত করেছে লোয়ি ইনস্টিটিউট। তৃতীয় স্থানে ভারত। চতুর্থ স্থানে রয়েছে জাপান, তাদের স্কোর ৩৮.৬। পঞ্চম স্থানে রাশিয়া পেয়েছে ৩২.২ পয়েন্ট। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া (৩১.৭) এবং সপ্তম স্থানে দক্ষিণ কোরিয়া (৩১)।

কীভাবে নির্ধারিত হয় এই শক্তির মাপকাঠি?

এশিয়া পাওয়ার ইনডেক্সে কোনও দেশের সামগ্রিক শক্তি বিচার করতে আটটি বিষয় বিবেচনা করা হয়। এগুলি হল অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, প্রতিরোধ ক্ষমতা, ভবিষ্যতের সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ২৭টি দেশ ও ভূখণ্ডকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।

ভারতের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তির পাশাপাশি ভবিষ্যতের সম্পদের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পেয়েছে। লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে ভবিষ্যতের সম্পদের ক্ষেত্রে ভারত তৃতীয় স্থানে রয়েছে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি এবং আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিকে ভারতের প্রভাব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে।

পাকিস্তানের অবস্থা আরও পিছিয়ে

ভারতের প্রতিবেশী পাকিস্তানের স্থান এই তালিকায় ১৬ নম্বরে। তাদের স্কোর ১৫। অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যবধান অনেকটাই বেশি। পাকিস্তান ছাড়াও উত্তর কোরিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, লাওস, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি এবং নেপালকে অপেক্ষাকৃত ছোট শক্তির শ্রেণিতে রাখা হয়েছে। বাংলাদেশের স্থান ২০ নম্বরে এবং শ্রীলঙ্কার ২১ নম্বরে।

অন্যদিকে ভারতের স্কোর বাড়লেও আমেরিকার প্রভাব কিছুটা কমেছে। গত বছরের তুলনায় আমেরিকার স্কোর ১.৫ পয়েন্ট কমে ৭৮.৯ হয়েছে। চিনের স্কোরও সামান্য কমে ৭৩.৬ হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৫.৩ পয়েন্টে। লোয়ি ইনস্টিটিউটের মতে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ব্যস্ততা এবং চিনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এই পরিবর্তনের অন্যতম কারণ।

সব মিলিয়ে, ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের তৃতীয় স্থান এবং একমাত্র মেজর পাওয়ার হিসেবে স্বীকৃতি দেশের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। যদিও সুপারপাওয়ারের তালিকায় পৌঁছতে এখনও অনেকটা পথ বাকি, তবু অর্থনীতি, সামরিক শক্তি ও কূটনীতির ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।