India slams Pakistan: UN-এ পাকিস্তানি সেনার পর্দাফাঁস! ট্রাম্পকে বিরল খনিজ পদার্থ প্রদর্শন, মুনিরকে 'বুমেরাং' তোপ ভারতের
India slams Pakistan: রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গত বছর হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবির দিকেই ইঙ্গিত করেছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের সময় তোলা হয়েছিল।
India slams Pakistan: রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য দেশের প্রাকৃতিক সম্পদ লুঠপাট করার গুরুতর অভিযোগ তোলা হয়েছে পাক সেনার বিরুদ্ধে। প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত রাষ্ট্রসংঘের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনি হরিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না করেই 'বিদেশি রাষ্ট্রনেতাদের' সঙ্গে পাক সেনাপ্রধান আসিম মুনিরের বৈঠকের প্রসঙ্গ টানেন—যেখানে আসিম মুনিরকে বিরল খনিজ পদার্থে ভরা একটি কাঠের বাক্স প্রদর্শন করতে দেখা গিয়েছিল। পার্বথানেনি হরিশ স্পষ্ট বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে দেশের সম্পদ লুঠের কাজে পাকিস্তান সেনাবাহিনী সরাসরি জড়িত।

পার্বথানেনি হরিশ বলেন, 'গত সেপ্টেম্বরে পাকিস্তানের সেনাপ্রধানকে বিদেশি রাষ্ট্রনেতাদের সামনে বিরল খনিজ পদার্থে ভরা একটি কাঠের বাক্স প্রদর্শন করতে দেখা গিয়েছিল, যা প্রাকৃতিক সম্পদ শোষণের ক্ষেত্রে তাঁদের সেনাবাহিনীর ভূমিকার একটি স্পষ্ট নিদর্শন।' ইসলামাবাদের প্রকৃত ক্ষমতার কাঠামোকে কটাক্ষ করে তিনি আরও বলেন, পাকিস্তানের 'প্রকৃত শাসকরা' যদি নিজেদের প্রতিপত্তি বাড়ানোর বদলে দেশের নাগরিকদের কল্যাণে ওই সম্পদ ব্যবহার করত, তবে পাকিস্তানিদেরই মঙ্গল হতো। ভারতীয় দূতের সাফ কথা, 'পাকিস্তানিদেরই ভালো হতো যদি তাদের প্রকৃত শাসক—অর্থাৎ সেনাবাহিনী, আত্মম্ভরিতা ও স্বার্থসিদ্ধির বদলে দেশের জনগণের স্বার্থে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করত।'
ট্রাম্প-আসিম মুনির বৈঠকের প্রেক্ষাপট
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গত বছর হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ছবির দিকেই ইঙ্গিত করেছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের সময় তোলা হয়েছিল। বৈঠকের সময়ে ট্রাম্পকে একটি বিরল খনিজ পদার্থ দেখান মুনির। ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প খনিজ পদার্থ রাখা খোলা কাঠের বাক্সের দিকে তাকিয়ে আছেন, আর জেনারেল আসিম মুনির বাক্সটির দিকে ইশারা করছেন। সেই সময়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হাসি মুখে দাঁড়িয়ে ছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিদেশ সচিব মার্কো রুবিও। তবে এই ছবি প্রকাশ্যে আসতেই পাকিস্তানের অভ্যন্তরে তীব্র কটাক্ষ ও সমালোচনার ঝড় উঠেছিল। এক পাকিস্তানি সেনেটর মুনিরের এই আচরণকে 'ক্রেতার সামনে দোকানদারের পণ্য প্রদর্শনের' সঙ্গে তুলনা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে সেনাপ্রধানের বদলে 'সেলসম্যান-ইন-চিফ' বলেও কটাক্ষ করা হয়।
খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির প্রসঙ্গও তুলল ভারত
প্রাকৃতিক সম্পদ লুঠে পাক সেনাবাহিনীর সরাসরি ভূমিকার সঙ্গে অশান্ত খাইবার পাখতুনখোয়া (KP) প্রদেশে জরুরি অবস্থা জারির যোগসূত্রও তুলে ধরেন পার্বথানেনি হরিশ। উল্লেখ্য, গত মাসেই ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের দোহাই দিয়ে ইমরান খানের দল পিটিআই (PTI) শাসিত খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন জারি করে পাকিস্তান সরকার। বাস্তব হলো, এই প্রদেশে সোনা-সহ বিপুল পরিমাণ মূল্যবান খনিজের ভান্ডার রয়েছে। প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ। সম্প্রতি বেআইনি খননের অভিযোগে খাইবার পাখতুনখোয়ার গভর্নর প্রদেশ জুড়ে সোনা খনির সমস্ত লিজ স্থগিত করে দিয়েছেন।
হরিশ বলেন, 'সম্পদ শোষণের এই কাজে সেনাবাহিনীর ভূমিকাই... পাকিস্তানের একটি প্রাদেশিক সরকারকে সম্প্রতি বরখাস্ত করা এবং সেখানে জরুরি অবস্থা জারির নেপথ্যে রয়েছে বলে মনে করা হয়।' ভারতের সঙ্গে তুলনা টেনে হরিশ জানান, ভারতের খনি আইন অনুযায়ী খননকারী সংস্থাগুলিকে স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে তহবিল জোগাতে হয়। তিনি জোর দিয়ে বলেন, একমাত্র যখন স্থানীয় মানুষ তাঁদের মাটি থেকে উত্তোলিত সম্পদের সরাসরি সুফল পান, তখনই স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রসঙ্গত, পাকিস্তানি প্রতিনিধিদল এদিন রাষ্ট্রসংঘে সিন্ধু জলবণ্টন চুক্তির প্রসঙ্গ উত্থাপন করার পরই ভারতের তরফে পাল্টা আক্রমণ শানানো হয়। উল্লেখ্য, গত বছর পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি এই চুক্তি স্থগিত করে দিয়েছে। হরিশ স্পষ্ট করে দেন যে দ্বিপাক্ষিক বিরোধ নিয়ে আলোচনার কোনও পরিকল্পনা ভারতের নেই। ভাষণের শেষে পাকিস্তান সেনাবাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'পাকিস্তানের জন্য সেটাই মঙ্গলজনক হবে যদি পাক সেনাবাহিনী প্রতিবেশীদের বিরুদ্ধে সংঘাত উস্কে দেওয়া বন্ধ করে—কারণ এই উস্কানি প্রকৃতপক্ষে তাদের নিজেদের দেশের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসছে।'
E-Paper

