MEA: 'মনগড়া, বিদ্বেষপূর্ণ!' খলিস্তানপন্থি জঙ্গি পান্নুনকে কড়া বার্তা ভারতের

MEA: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (US State Department) কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারের কাছে আদালতের সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করার পর নয়াদিল্লির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

Published on: Nov 10, 2026, 23:42:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

MEA: মার্কিন আদালতে খলিস্তানপন্থি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুনের করা দেওয়ানি মামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং গোয়েন্দা সংস্থা ‘র’-এর (RAW) প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলের (Samant Goel) বিরুদ্ধে আনা অভিযোগ পত্রপাঠ প্রত্যাখ্যান করেছে ভারত। গুরুপতবন্ত সিং পান্নুনের অভিযোগগুলিকে ‘মনগড়া ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে এই আইনি প্রক্রিয়াকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ANI Video Grab )
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ANI Video Grab )

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (US State Department) কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারের কাছে আদালতের সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করার পর নয়াদিল্লির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং মামলাটি— দুটিই ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, 'আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে মনগড়া ও বিদ্বেষপূর্ণ আক্রমণ আমরা প্রত্যাখ্যান করছি। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন মামলাও প্রত্যাখ্যান করছি। ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ কেবল দেশের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রকের মাধ্যমেই করতে হবে।'

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর একটি কূটনৈতিক নোটে সই হওয়ার পর ৯ অক্টোবর কূটনৈতিক চ্যানেলে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে নথিগুলো পাঠানো হয়। ওই নোটে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সভরেন ইমিউনিটিজ অ্যাক্টের (এফএসআইএ) উল্লেখ করা হয়েছে। এই আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে বিদেশি রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কিছু সংস্থা ও কর্মকর্তার বিরুদ্ধে কোন পরিস্থিতিতে আইনি কার্যক্রম পরিচালনা করা যাবে, তা নির্ধারিত হয়। কূটনৈতিক নোটে বলা হয়, জেলা আদালতের এ অনুরোধ কার্যকর করার ক্ষেত্রে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-এর কোনও এখতিয়ার নেই।

ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর (এসএফজে) আইনি উপদেষ্টা পান্নুন। মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে পান্নুন দেওয়ানি মামলাটি করে। ওই ষড়যন্ত্রের নেপথ্যে অজিত ডোভাল ও সামন্ত গোয়েল-সহ দেশের শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তুলেছে পান্নুন। বিভিন্ন সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে ভারতের তদন্তকারী সংস্থাগুলির কাছে পান্নুনের বিরুদ্ধে মামলা রয়েছে। এসএফজেকেও ভারতে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পান্নুনকে হত্যার চেষ্টা-সংক্রান্ত অভিযোগের বিষয়ে সে দেশের কর্তৃপক্ষের পৃথক একটি ফৌজদারি তদন্তের সঙ্গে দেওয়ানি মামলাটির যোগসূত্র রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে এ ঘটনা ব্যাপক আলোচনায় আসে। ওই সময় মার্কিন প্রসিকিউটররা ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে অভিযোগ আনেন। তাদের অভিযোগ ছিল, ভারত সরকারের এক কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তির সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনায় কাজ করছিলেন তিনি।

মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে পান্নুনকে হত্যার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগেই তা নস্যাৎ করা হয় বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে হলেও নিখিল গুপ্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পান্নুনের করা দেওয়ানি মামলা দুটি পৃথক আইনি প্রক্রিয়া।

উল্লেখ্য, খলিস্তানি জঙ্গি পন্নুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার দ্বৈত নাগরিক। কানাডায় আশ্রয় নেওয়া পান্নুন ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পর তার চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পাঞ্জাবের বিভিন্ন থানায় পন্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার।