India Sending 7000 Ton Diesel to B'desh: যুদ্ধ আবহে বাংলাদেশের পাশে ভারত, পাইপলাইনে করে পাঠানো হচ্ছে আরও ৭০০০ টন ডিজেল

মার্চ মাসে বাংলাদেশে ১৭টি ট্যাঙ্কারে করে ডিজেল পৌঁছানোর কথা ছিল। তবে বাংলাদেশে শেষ পর্যন্ত পৌঁছায় মাত্র ৯টি ট্যাঙ্কার। তবে বাকি ৭টি ট্যাঙ্কার নিয়ে কোনও খবর নেই। এই আবহে বাংলাদেশে যাতে জ্বালানি সংকট প্রবল আকার ধারণ না করে, তার জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ।

Published on: Mar 29, 2026, 14:15:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে জ্বালানি সংকটে ভুগছে বিশ্বের বহু দেশ। বাংলাদেশেও অবস্থা তথৈবচ। এই আবহে বাংলাদেশকে কয়েক হাজার টন পাঠাচ্ছে ভারত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে এবার ৭ হাজার টন ডিজেল পাচ্ছে বাংলাদেশ। এই তেল পাইপলাইন দিয়ে যেতে ২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান মহম্মদ রেজানুর রহমান।

অসমের নুমালিগড় তেল শোধনাগার থেকে পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে বাংলাদেশে। (HT_PRINT)
অসমের নুমালিগড় তেল শোধনাগার থেকে পাইপলাইন দিয়ে ডিজেল যাচ্ছে বাংলাদেশে। (HT_PRINT)

জানা গিয়েছে, মার্চ মাসে বাংলাদেশে ১৭টি ট্যাঙ্কারে করে ডিজেল পৌঁছানোর কথা ছিল। তবে বাংলাদেশে শেষ পর্যন্ত পৌঁছায় মাত্র ৯টি ট্যাঙ্কার। এছাড়া আরও একটি জাহাজ বাংলাদেশের দিকে যাচ্ছে। তবে বাকি ৭টি ট্যাঙ্কার নিয়ে কোনও খবর নেই। এই আবহে বাংলাদেশে যাতে জ্বালানি সংকট প্রবল আকার ধারণ না করে, তার জন্য ভারতের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ। এর আগে ২৫ মার্চ পাঁচ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়। তার আগে ১০ মার্চ নাগাদও পাঁচ হাজার টন তেল গিয়েছিল বাংলাদেশে। চলতি বছরে ইতিমধ্যে ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে গিয়েছে প্রায় ১৫ হাজার টন ডিজেল।

রিপোর্ট অনুযায়ী, এই পাইপলাইন দিয়ে ৪ মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল এমনিতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ২০ হাজার টন ডিজেল আমদানির চুক্তি ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে। এছাড়াও অতিরিক্ত ৬০ হাজার টন তেল রফতানির সুযোগ আছে এই চুক্তির অধীনে। তবে সেটা বাধ্যতামূলক নয়। তবে ইউনুস জমানায় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনে তা বন্ধ ছিল। তবে নির্বাচনের পরে তারেক রহমান গদিতে বসায় ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন দূর হচ্ছে। ফের স্বাভাবিক হচ্ছে সম্পর্ক। এই আবহে ইরান যুদ্ধ শুরুর পর ভারত থেকে ধারাবাহিক ভাবে তেল গিয়েছে বাংলাদেশে।

উল্লেখ্য, ভারতের নুমালিগড় রিফাইনারির সঙ্গে ২০১৭ সালের ২২ অক্টোবর চুক্তি করে বিপিসি। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছিল ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়েছিল এই পাইপলাইন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More