New Zealand Vs India 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে এমন এক কীর্তি গড়ল শুভমন গিলের দল, যা এর আগে কোনও দল করতে পারেনি

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিকরা। হেনরি নিকোলসের ১৭৫ এবং গ্লেন ফিলিপসের ১১৮ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে কিউয়িরা। ভারতের হয়ে জসপ্রীত বুমরা চারটি, আকাশ দীপ তিনটি এবং অংশুল কম্বোজ দুটি উইকেট নেন।

Published on: Nov 22, 2026, 08:25:01 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়ল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে এমন এক কীর্তি গড়ল শুভমন গিলের দল, যা এর আগে কোনও দল করতে পারেনি। ভারতের ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটি পতনের আগে তৈরি হয়েছে অন্তত ৫০ রানের পার্টনারশিপ। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছে ভারত। বিরাট ব্যাটিং দাপটে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে এমন এক কীর্তি গড়ল শুভমন গিলের দল, যা এর আগে কোনও দল করতে পারেনি (AFP)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে এমন এক কীর্তি গড়ল শুভমন গিলের দল, যা এর আগে কোনও দল করতে পারেনি (AFP)

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল স্বাগতিকরা। হেনরি নিকোলসের ১৭৫ এবং গ্লেন ফিলিপসের ১১৮ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৩৬৮ রান তোলে কিউয়িরা। ভারতের হয়ে জসপ্রীত বুমরা চারটি, আকাশ দীপ তিনটি এবং অংশুল কম্বোজ দুটি উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে আসে একটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮৫ রান করে আউট হন। অন্যদিকে, অভিজ্ঞ কেএল রাহুল খেলেন ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস। দেবদত্ত পাড়িক্কল করেন ৮০ রান। অধিনায়ক শুভমন গিলের ব্যাট থেকে আসে ৯৮ রান। মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। এর পর ঋষভ পন্তের ব্যাটিং ঝড়। ১২৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ভারতীয় উইকেটকিপার। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ছটি ছয়।

এই ব্যাটিংয়ের সুবাদেই একের পর এক নজির তৈরি হয়। প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশের বেশি রান করেন। বিদেশের মাটিতে টেস্টের এক ইনিংসে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকের ৫০ বা তার বেশি রান করার ঘটনা এই প্রথম। এর আগে চারবার এই নজির গড়েছিল ভারত। তবে প্রতিবারই তা ঘটেছিল দেশের মাটিতে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতায়, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোহালিতে, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ে এবং ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় এই কীর্তি হয়েছিল।

তবে ওয়েলিংটনে শুধু ব্যাটারদের ব্যক্তিগত সাফল্য নয়, পার্টনারশিপের ক্ষেত্রেও ইতিহাস লিখেছে ভারত। প্রথম সাতটি উইকেটের প্রতিটি পতনের আগে অন্তত ৫০ রানের জুটি গড়েন ভারতীয় ব্যাটাররা।

রাহুল ও পন্তের শতরানের পাশাপাশি পাড়িক্কল, জয়সওয়াল, গিল এবং ধ্রুব জুরেলের গুরুত্বপূর্ণ অবদান ভারতের স্কোরকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ১৬৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেন গিল। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে এর আগে সর্বোচ্চ দলীয় রান ছিল ৭১৫। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে এই রান করেছিল নিউজিল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে ৩৫২ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কিউয়িরা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে। একদিকে ব্যক্তিগত শতরান, অন্যদিকে দলগত পার্টনারশিপ এবং রানের পাহাড়—সব মিলিয়ে ওয়েলিংটনে ভারতীয় ব্যাটিংয়ের এই প্রদর্শন টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।