India slams Pakistan: 'বালোচ যোদ্ধাদের 'ফিতনা আল-হিন্দুস্তান' আখ্যা পাকিস্তানের, কড়া জবাব ভারতের

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বনেনি বলেন, পাকিস্তান ধর্মীয় পরিভাষার আড়ালে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালানোর চেষ্টা করছে। এটি পাকিস্তানের ‘ডিপ স্টেট’-এর তৈরি একটি 'সংগঠিত ঘৃণার কারখানা', যার লক্ষ্য দেশের নাগরিকদের ভারতের বিরুদ্ধে স্থায়ী শত্রুতার পরিবেশে আটকে রাখা।

Published on: Jun 9, 2026, 12:20:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। বালোচিস্তানে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত করার পাকিস্তানের সিদ্ধান্তকে ‘রাষ্ট্র-পৃষ্ঠপোষিত ভুয়ো প্রচার’ বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পর্বনেনি বলেন, পাকিস্তান ধর্মীয় পরিভাষার আড়ালে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালানোর চেষ্টা করছে। তাঁর কথায়, এটি পাকিস্তানের ‘ডিপ স্টেট’-এর তৈরি একটি 'সংগঠিত ঘৃণার কারখানা', যার লক্ষ্য দেশের নাগরিকদের ভারতের বিরুদ্ধে স্থায়ী শত্রুতার পরিবেশে আটকে রাখা এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়া।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। (PTI)
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। (PTI)

ভারতের অভিযোগ, বালোচিস্তানে সক্রিয় গোষ্ঠীগুলিকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে চিহ্নিত করে ইসলামাবাদ আন্তর্জাতিক মহল এবং নিজেদের নাগরিকদের কাছে একটি নির্দিষ্ট রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে চাইছে। তবে এই অভিযোগের পক্ষে পাকিস্তান কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ পেশ করতে পারেনি বলেও দাবি করেছে ভারত। রাষ্ট্রসংঘের বৈঠকে ভারত আরও অভিযোগ করে, পাকিস্তান বারবার আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার চেষ্টা করছে। একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সামরিক প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান প্রভাবের দিকেও ইঙ্গিত করেন ভারতের প্রতিনিধি।

প্রসঙ্গত, ২০২৫ সালে পাকিস্তান সরকার বালোচিস্তানে সক্রিয় কয়েকটি গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে চিহ্নিত করার সিদ্ধান্ত নেয়। ইসলামাবাদের দাবি, এই সংগঠনগুলি ভারতের মদতে কাজ করছে। তবে নয়াদিল্লি শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। ভারত-পাকিস্তান কূটনৈতিক টানাপোড়েনের আবহে রাষ্ট্রসংঘের মঞ্চে এই পাল্টাপাল্টি মন্তব্য দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বাড়াল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More