Indian Air Force Officer's Wife Rape: বায়ুসেনা কর্মীর স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেল ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ, ধৃত ২
এক প্রাক্তন সহপাঠী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল, অর্থ আদায়, তথাকথিত কালাজাদু এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ এনেছেন ২৪ বছর বয়সী ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আয়াজ মাদারে এবং আমিন শেখ।
মহারাষ্ট্রের নাগপুরে এক বায়ুসেনা কর্মীর স্ত্রীকে ঘিরে ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। এক প্রাক্তন সহপাঠী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল, অর্থ আদায়, তথাকথিত কালাজাদু এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ এনেছেন ২৪ বছর বয়সী ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আয়াজ মাদারে এবং আমিন শেখ। ঘটনায় জড়িত এক মৌলানার খোঁজে মধ্যপ্রদেশে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এফআইআর অনুযায়ী, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একটি হোটেলে দেখা করার সময় আয়াজ মাদারে তরুণীর পানীয়তে নেশাজাতীয় কিছু মিশিয়ে দেন বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন, তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে রেকর্ড করা হয়েছে। এরপর সেই ছবি ও ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, এইভাবে ভয় দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং প্রায় চার লক্ষ টাকা আদায় করা হয়।
ঘটনার তদন্তে একটি ভাইরাল ভিডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে এসেছে। ওই ভিডিওতে তরুণীকে কাঁদতে এবং অভিযুক্তের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়। অভিযোগ, আয়াজ তাঁর হাত চেপে ধরে ধর্মীয় মন্ত্রোচ্চারণ করছিলেন এবং তাঁর উপর ফুঁ দিচ্ছিলেন। তরুণীর দাবি, এই ঘটনার পর তাঁকে জোর করে ধর্মান্তরিত ঘোষণা করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আয়াজ প্রায়ই একটি প্লাস্টিকের বোতলে তরল পদার্থ এনে তাঁকে জোর করে পান করাতেন। এরপর উর্দু ভাষায় কিছু বলতেন এবং দাবি করতেন যে তিনি সম্মোহন বা কালাজাদুর মাধ্যমে তাঁকে নিয়ন্ত্রণ করছেন। তারপর তাঁর উপর যৌন নির্যাতন চালানো হতো বলে অভিযোগ।
এফআইআরে উল্লেখ রয়েছে, গত ৩১ মে অভিযুক্তরা তাঁকে জোর করে কালমেশ্বরে নিয়ে যায়। সেখানে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার এক মৌলানা ধর্মীয় আচার সম্পন্ন করে তাঁকে ‘কবুল হ্যায়’ বলতে বাধ্য করেন বলে অভিযোগ। এরপর তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে এবং আয়াজের সঙ্গে নিকাহ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়। তরুণীর দাবি, তাঁকে জোর করে মাংস খাওয়ানো এবং কালমা পাঠ করানো হয়েছিল।
পুলিশ ধর্ষণ, ব্ল্যাকমেল, চাঁদাবাজি, জোরপূর্বক ধর্মান্তর এবং অ্যান্টি-ব্ল্যাক ম্যাজিক আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। তদন্তকারীরা ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন। নাগপুর পুলিশের দাবি, সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


