Indian High Commissioner's Statement Row: বাংলাদেশকে ভারতে যুক্ত করতে চায় ভারত? দীনেশ ত্রিবেদীর মন্তব্যে সরব মৌলবাদীরা
দীনেশ বলেছিলেন, 'একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি —সবকিছু নিয়ে কাজ করব।'
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশে পৌঁছেই মন্তব্য করে বিতর্কে জড়ালেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার বেনাপোল সীমান্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন। ভূপেন হাজারিকার জনপ্রিয় গান ‘একই আকাশ, একই বাতাস’-এর লাইন উদ্ধৃত করে তিনি বলেন, 'আমার তো মনেই হচ্ছে না বাংলাদেশে এসেছি।' পাশাপাশি দুই দেশের জনসংখ্যা ও প্রতিভার সম্মিলিত শক্তির কথা তুলে ধরে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য এবং খেলাধুলার ক্ষেত্রে যৌথ অগ্রগতির সম্ভাবনার কথা বলেন। দীনেশ বলেছিলেন, 'একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি —সবকিছু নিয়ে কাজ করব।'

তবে তাঁর এই মন্তব্যকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একাধিক ইসলামপন্থী সংগঠন এবং রাজনৈতিক মহল অভিযোগ করেছে, দুই দেশের জনগণকে একসঙ্গে দেখার মাধ্যমে পরোক্ষভাবে ‘অখণ্ড ভারত’-এর ধারণাকে উৎসাহিত করা হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক জনসভায় দাবি করেন, বন্ধুত্বের বার্তার আড়ালে বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়ার চিন্তাভাবনা প্রচার করা হচ্ছে। তিনি এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরাসরি দীনেশ ত্রিবেদীর নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতার কথা বলতে হলে শুধু ভারত ও বাংলাদেশ নয়, সার্কভুক্ত সব দেশের কথাই ভাবা উচিত। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কোনও স্বীকৃতির প্রয়োজন নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্ক, সার্কের ভবিষ্যৎ এবং আঞ্চলিক রাজনীতির প্রশ্নে দীর্ঘদিনের মতপার্থক্যের জেরেই দীনেশ ত্রিবেদীর মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


