নীল নয়, বিশ্বকাপে গেরুয়া জার্সিতে ভারত! বিতর্ক হতেই মুখ খুলল হকি ইন্ডিয়া
আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। তবে জার্সির রঙ বদলের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন দীর্ঘদিনের পরিচিত নীল জার্সি সরিয়ে গেরুয়া রঙকে বেছে নেওয়া হল।
ভারতীয় হকির ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে এবার গেরুয়া জার্সিতে মাঠে নামবে পুরুষ ও মহিলা জাতীয় দল। আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া। তবে জার্সির রঙ বদলের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন দীর্ঘদিনের পরিচিত নীল জার্সি সরিয়ে গেরুয়া রঙকে বেছে নেওয়া হল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ভিরেন রাসকুইনহাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন।

এই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে হকি ইন্ডিয়া জানিয়েছে, সিদ্ধান্তটি কোনও রাজনৈতিক বা অন্য কোনও কারণে নয়, সম্পূর্ণ প্রযুক্তিগত ও খেলার প্রয়োজনের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। সংস্থার দাবি, বর্তমান আন্তর্জাতিক হকি ম্যাচগুলির অধিকাংশই নীল রঙের সিন্থেটিক টার্ফে খেলা হয়। সেই কারণে নীল জার্সি পরে খেললে খেলোয়াড়দের একে অপরকে দ্রুত চিহ্নিত করতে সমস্যা হচ্ছিল। মাঠে বলের গতি অত্যন্ত দ্রুত হওয়ায় এই দৃশ্যমানতার সমস্যা খেলায় প্রভাব ফেলতে পারে বলে কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা মত দেন।
হকি ইন্ডিয়া জানিয়েছে, জার্সির রঙ পরিবর্তনের আগে কোচ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়। তাঁদের পরামর্শেই বিকল্প রঙ হিসেবে হলুদ ও গেরুয়া নিয়ে ভাবনা শুরু হয়। শেষ পর্যন্ত গেরুয়া রঙকেই বেছে নেওয়া হয়। সংস্থার বক্তব্য, এই রঙ শুধু প্রযুক্তিগত সমস্যার সমাধানই করবে না, একই সঙ্গে এটি ভারতের জাতীয় পতাকার অন্যতম রঙ হওয়ায় সাহস, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের প্রতীক হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে।
হকি ইন্ডিয়া আরও স্পষ্ট করেছে যে, ভারতীয় হকিতে জার্সির রঙ পরিবর্তন এই প্রথম নয়। অতীতেও আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রয়োজন অনুযায়ী একাধিকবার জার্সির রঙ বদলানো হয়েছে। ২০১৪ সালের এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় দল হলুদ জার্সি পরে খেলেছিল। আবার ২০১৮ সালের বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল আকাশি নীল রঙের সম্পূর্ণ নতুন ডিজাইনের জার্সি। ফলে এবার গেরুয়া জার্সি চালু হওয়াও সেই ধারাবাহিকতারই অংশ বলে দাবি করেছে সংস্থাটি।
বিবৃতিতে হকি ইন্ডিয়া আরও জানিয়েছে, মাঠে খেলোয়াড়দের দৃশ্যমানতা বাড়ানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা করে দেওয়াই ছিল এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ছোট ছোট প্রযুক্তিগত বিষয়ও ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই কোচিং স্টাফের পরামর্শ এবং খেলোয়াড়দের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চললেও হকি ইন্ডিয়া তাদের অবস্থানে অনড়। সংস্থার দাবি, খেলার মান উন্নত করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় দলের পারফরম্যান্স আরও শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। আগামী বিশ্বকাপে নতুন গেরুয়া জার্সিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল কেমন পারফরম্যান্স করে, এখন সেদিকেই নজর থাকবে দেশের হকি সমর্থকদের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


