Indian Man Sexual Harassment in USA: ভারতীয় বংশোদ্ভূত বাড়িওয়ালার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা আমেরিকায়
অভিযোগ, পেনসিলভেনিয়ার বাসিন্দা ভেঙ্কটাচালম মণি (Venkatachalam Mani) তাঁর এক মহিলা ভাড়াটিয়াকে বারবার যৌন সম্পর্কের প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করায় প্রতিশোধ হিসেবে বাড়ির প্রয়োজনীয় মেরামতি করাতে অস্বীকার করেন।
Sexual Harassment Case against Indian Man in USA: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভূত বাড়িওয়ালার বিরুদ্ধে যৌন হেনস্তা ও প্রতিশোধমূলক আচরণের গুরুতর অভিযোগে আইনি পদক্ষেপ করেছে মার্কিন বিচার বিভাগ (Department of Justice বা DOJ)। অভিযোগ, পেনসিলভেনিয়ার বাসিন্দা ভেঙ্কটাচালম মণি (Venkatachalam Mani) তাঁর এক মহিলা ভাড়াটিয়াকে বারবার যৌন সম্পর্কের প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করায় প্রতিশোধ হিসেবে বাড়ির প্রয়োজনীয় মেরামতি করাতে অস্বীকার করেন। এই ঘটনার জেরে ওই মহিলা ও তাঁর ছোট সন্তানদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ পেনসিলভেনিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে ভেঙ্কটাচালম মণির বিরুদ্ধে ফেডারেল মামলা দায়ের করেছে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত বাড়িওয়ালা বারবার ভাড়াটিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন এবং একাধিকবার তাঁর অনিচ্ছা সত্ত্বেও আপত্তিকরভাবে স্পর্শ করেন। তবে ওই মহিলা সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, প্রবল শীতের মধ্যেও বাড়ির বিকল হয়ে যাওয়া ফার্নেস বা হিটিং ব্যবস্থা মেরামত করতে অস্বীকার করেন বাড়িওয়ালা। ভাড়াটিয়া একাধিকবার অনুরোধ করলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। পরে হিটিং ব্যবস্থায় ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে ওই মহিলা এবং তাঁর অল্পবয়সি সন্তানদের প্রচণ্ড ঠান্ডার মধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হতে হয়।
এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে মার্কিন বিচার বিভাগ। DOJ-এর সিভিল রাইটস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিত কে. ধিল্লোঁ এক বিবৃতিতে বলেন, একজন বাড়িওয়ালা শুধুমাত্র যৌন প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ভাড়াটিয়ার বাড়ির হিটার মেরামত না করে পুরো পরিবারকে গৃহহীন অবস্থায় ঠেলে দিয়েছেন। এই ধরনের আচরণ সম্পূর্ণ বেআইনি এবং ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় বিচার বিভাগ কঠোর পদক্ষেপ নেবে।
একইসঙ্গে পেনসিলভেনিয়ার মার্কিন অ্যাটর্নি ব্রায়ান ডি. মিলারও স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর কথায়, ভাড়াটিয়াদের সঙ্গে যৌন হয়রানি, যৌন নিপীড়ন কিংবা প্রতিশোধমূলক আচরণের মতো অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, ভুক্তভোগী মহিলা প্রথমে মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগে (HUD) অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মেলে যে ভেঙ্কটাচালম মণি যুক্তরাষ্ট্রের ফেয়ার হাউজিং অ্যাক্ট লঙ্ঘন করেছেন। এরপর বিষয়টি মার্কিন বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
বর্তমানে আদালতে দায়ের করা মামলায় ভুক্তভোগী মহিলা ও তাঁর সন্তানদের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে অভিযুক্ত আর কখনও কোনও সম্পত্তি ভাড়া দিতে না পারেন, সেই মর্মে আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদনও জানিয়েছে বিচার বিভাগ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


