২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Pannun Murder Plot: খলিস্তানি জঙ্গি পন্নুনকে হত্যার ছক কষার অভিযোগে আমেরিকায় ১৯ বছরের জেল ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার
মার্কিন আদালতের বিচারক ভিক্টর মাররো নিখিলকে মোট ২৩৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ ছিল। প্রথমত, অর্থের বিনিময়ে কাউকে খুন করার পরিকল্পনা, দ্বিতীয়ত, সেই খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং তৃতীয়ত, অপরাধমূলক কাজের জন্য অর্থ পাচারের ষড়যন্ত্র।
খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় বড়সড় সাজা ঘোষণা করল আমেরিকার আদালত। ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ১৯ বছর ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার, ২০ নভেম্বর নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত এই নির্দেশ দেয়। মার্কিন মুলুকে বসবাসকারী পন্নুনকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন ৫৫ বছর বয়সি নিখিল।

মার্কিন আদালতের বিচারক ভিক্টর মাররো নিখিলকে মোট ২৩৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ ছিল। প্রথমত, অর্থের বিনিময়ে কাউকে খুন করার পরিকল্পনা, দ্বিতীয়ত, সেই খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং তৃতীয়ত, অপরাধমূলক কাজের জন্য অর্থ পাচারের ষড়যন্ত্র। তিনটি অভিযোগেই নিজের দোষ স্বীকার করেছিলেন তিনি। আদালতে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে নিজের ভূমিকার জন্য অনুশোচনাও প্রকাশ করেন নিখিল।
মার্কিন তদন্তকারী সংস্থার দাবি, ২০২৩ সালের মে মাসে বিকাশ যাদব নামে এক ভারতীয় সরকারি কর্মী নিখিলকে পন্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি খুঁজতে বলেন। মার্কিন আদালতে পেশ করা অভিযোগপত্র অনুযায়ী, বিকাশ যাদব সেই সময় ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এই সচিবালয়ের অধীনেই দেশের বিদেশি গোয়েন্দা সংস্থা 'র' (RAW) কাজ করে। যদিও এই গোটা ষড়যন্ত্রে ভারত সরকারের প্রত্যক্ষ ভূমিকার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি।
মার্কিন প্রসিকিউটরদের দাবি, বিকাশের নির্দেশ পাওয়ার পর নিখিল এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাঁকে তিনি অপরাধজগতের সঙ্গে যুক্ত বলে মনে করেছিলেন। কিন্তু বাস্তবে ওই ব্যক্তি ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ-র (DEA) গোপন সূত্র। পরে সেই সূত্রই নিখিলের সঙ্গে এমন এক ব্যক্তির যোগাযোগ করিয়ে দেয়, যাঁকে ভাড়াটে খুনি বলে মনে করা হয়েছিল। বাস্তবে তিনিও ছিলেন ছদ্মবেশী মার্কিন আইনরক্ষাকারী আধিকারিক।
অভিযোগ, পন্নুনকে খুন করার জন্য ১ লক্ষ মার্কিন ডলারের চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৫ হাজার ডলার অগ্রিম হিসেবে নিউ ইয়র্কে দেওয়া হয়েছিল। এমনকী পন্নুনের বাড়ির ঠিকানা, ফোন নম্বর, প্রতিদিনের গতিবিধি এবং নজরদারির ছবিও নিখিল ওই ব্যক্তিদের হাতে তুলে দিয়েছিলেন বলে দাবি মার্কিন তদন্তকারীদের।
এই মামলায় ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে গ্রেফতার হন নিখিল গুপ্তা। পরে ২০২৪ সালের জুন মাসে তাঁকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, এই ষড়যন্ত্রে অভিযুক্ত বিকাশ যাদব এখনও মার্কিন হেফাজতের বাইরে রয়েছেন।
অন্যদিকে, আদালতে পন্নুন দাবি করেন, তাঁর প্রাণনাশের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে প্রায় ১২০০ দিন, অর্থাৎ চার বছর ধরে তিনি স্বাভাবিকভাবে আইনজীবীর পেশাগত কাজ করতে পারছেন না। আদালতের বাইরে নিখিলের বিরুদ্ধে বিক্ষোভও দেখান পন্নুনের সমর্থকরা।
এই ঘটনা ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে চাপ তৈরি করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের বক্তব্য, কোনও ভারতীয় সরকারি আধিকারিকের এই ধরনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ভারত সরকারের নীতির সম্পূর্ণ বিরোধী। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, ওই কমিটি এক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করেছে। যদিও তাঁর নাম প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে নিখিল গুপ্তার এই সাজা পন্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল।
E-Paper
