Indian Origin Candidates in US Vote: আমেরিকার ভোটে ভারতীয় বংশোদ্ভূতদের লড়াই! পিছিয়ে বিবেক, জয় সুহাসের, নজরে রো-প্রমীলা
আমেরিকায় ৩ নভেম্বর হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এ বার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৭টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি প্রদেশে গভর্নর পদেও নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত একাধিক প্রার্থী গুরুত্বপূর্ণ পদে লড়াই করেছেন।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকেরা। কেউ লড়ছেন কংগ্রেসের আসন ধরে রাখতে, কেউ আবার গভর্নর হওয়ার দৌড়ে। এই তালিকায় যেমন রয়েছেন রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী, তেমনই রয়েছেন ডেমোক্র্যাট নেতা রো খান্না, প্রমীলা জয়পাল এবং অমি বেরা। তাঁদের মধ্যে কয়েক জনের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। আবার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে এখনও চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে সবচেয়ে বড় চমক ওহায়োর গভর্নর নির্বাচনে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েও ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের থেকে পিছিয়ে রয়েছেন বিবেক। অন্য দিকে, ভার্জিনিয়ায় বড় জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুহাস সুব্রহ্মণ্যম।

আমেরিকায় ৩ নভেম্বর হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এ বার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৭টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি প্রদেশে গভর্নর পদেও নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত একাধিক প্রার্থী গুরুত্বপূর্ণ পদে লড়াই করেছেন।
ট্রাম্পের সমর্থন পেয়েও পিছিয়ে বিবেক
ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীর দিকে নজর ছিল গোটা দেশের। কেরল থেকে আমেরিকায় যাওয়া অভিবাসী পরিবারের সন্তান তিনি। এ বার ওহায়োর গভর্নর নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন বিবেক। তাঁর প্রচারে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। মে মাসে দলের প্রাথমিক নির্বাচনেও জয় পেয়েছিলেন তিনি। কিন্তু মূল নির্বাচনে এখনও পর্যন্ত তাঁর লড়াই বেশ কঠিন। ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের থেকে প্রায় ২ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছেন বিবেক। ফলে ট্রাম্পের সমর্থনও তাঁকে কতটা সুবিধা দিতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বড় জয় সুহাসের
ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ডেমোক্র্যাট নেতা সুহাস সুব্রহ্মণ্যম। ভার্জিনিয়ার দশম কংগ্রেসনাল কেন্দ্র থেকে ফের নির্বাচিত হয়েছেন তিনি। ৬১ শতাংশের বেশি ভোট পেয়েছেন সুহাস। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডেভ বেকউইথ পেয়েছেন ৩৬ শতাংশ ভোট।
৪০ বছর বয়সি সুহাসের জন্ম হিউস্টনে। তাঁর বাবা-মা ভারতীয়। পড়াশোনা শেষ করে বারাক ওবামার আমলে হোয়াইট হাউসে প্রযুক্তি নীতি সংক্রান্ত উপদেষ্টা হিসাবেও কাজ করেছিলেন তিনি। ২০২৪ সালে ভার্জিনিয়া থেকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে কংগ্রেসে নির্বাচিত হওয়ার নজির গড়েছিলেন সুহাস। এ বারও জয় ধরে রাখলেন তিনি।
রো খান্না, প্রমীলা জয়পালের দিকে নজর
ক্যালিফোর্নিয়ার ১৭ নম্বর কেন্দ্র থেকে ফের লড়ছেন ডেমোক্র্যাট নেতা রো খান্না। তাঁর প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী রীতেশ ট্যান্ডন। তবে এই কেন্দ্রে এখনও স্পষ্ট প্রবণতা পাওয়া যায়নি।
ওয়াশিংটনের ৭ নম্বর কেন্দ্র থেকে লড়ছেন প্রমীলা জয়পাল। তাঁর প্রতিদ্বন্দ্বী নিরব শেঠ। ২০১৭ সাল থেকে এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন প্রমীলা। আমেরিকার কংগ্রেসে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা তিনি।
ক্যালিফোর্নিয়ার তৃতীয় কেন্দ্র থেকে লড়ছেন অমি বেরা। তাঁর বাবা-মা গুজরাতের রাজকোট থেকে আমেরিকায় গিয়েছিলেন। তিনিও এখনও ভোটের ফলের অপেক্ষায় রয়েছেন।
মেয়র পদেও ভারতীয় মুখ
এ বার শুধু কংগ্রেস বা গভর্নর পদ নয়, স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ নির্বাচনেও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা। লস অ্যাঞ্জেলেসের মেয়র পদে লড়ছেন নিথ্যা রামন। তিনি শহরের কাউন্সিল সদস্য এবং পেশায় নগর পরিকল্পনাবিদ। জিতলে নিউ ইয়র্কের জোহরান মামদানির পর লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র পাওয়া যাবে।
এ ছাড়া নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদে রিপাবলিকান প্রার্থী শরিথা কোমাতিরেড্ডি লড়ছেন। টেক্সাসের আইনসভায় প্রার্থী হয়েছেন পূজা শেঠি এবং সন্দীপ শ্রীবাস্তব। ফ্লোরিডার ২২ নম্বর কেন্দ্র থেকে লড়ছেন পিয়া দান্ডিয়া। অ্যারিজোনার প্রথম কেন্দ্র থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিশ শাহ।
সব মিলিয়ে এ বারের মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি যথেষ্ট উল্লেখযোগ্য। তাঁদের সাফল্য শুধু আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাবই বাড়াবে না, আগামী দিনে মার্কিন প্রশাসনে তাঁদের প্রতিনিধিত্বের ছবিও বদলে দিতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


