Indian Sailors Stranded in Pakistan Karachi: করাচি বন্দরে সাত মাস ধরে আটকে ৬ ভারতীয় নাবিক! পাকিস্তানের দ্বারস্থ দিল্লি
শুক্রবার বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার। তাঁদের নিয়োগকারী শিপিং কোম্পানি এবং সংস্থার এজেন্টের সঙ্গেও কথা বলা হচ্ছে।
পাকিস্তানের করাচি বন্দরে প্রায় সাত মাস ধরে আটকে রয়েছেন ছয় ভারতীয় নাবিক। তাঁদের দ্রুত দেশে ফেরাতে এবার ইসলামাবাদের দ্বারস্থ হল নয়াদিল্লি। ভারত সরকারের তরফে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে কনসুলার সহায়তা চাওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভারত-পাকিস্তান মহলে। আটকে পড়া নাবিকদের মধ্যে রয়েছেন ভারতীয় মার্চেন্ট নেভির এক চিফ অফিসারও। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, করাচি বন্দরে আটকে থাকা ভারতীয় নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত সরকার। তাঁদের নিয়োগকারী শিপিং কোম্পানি এবং সংস্থার এজেন্টের সঙ্গেও কথা বলা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানের কাছে কনসুলার সহায়তার আবেদন জানানো হয়েছে। নাবিকদের সমস্যার সমাধানে সব পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি।
তবে এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি মূলত সংশ্লিষ্ট জাহাজের মালিক সংস্থা এবং কর্মীদের মধ্যে একটি বাণিজ্যিক বিবাদ। নাবিকরা ইচ্ছামতো জাহাজ ছেড়ে চলে যেতে পারেন না। তাঁদের পরিবর্তে নতুন কর্মীদের জাহাজে পাঠাতে হবে। নতুন ক্রু সদস্যরা দায়িত্ব গ্রহণ করার পরেই পুরনো কর্মীদের জাহাজ থেকে নেমে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর সেই ব্যবস্থা করতে না পারায় আটকে রয়েছেন ছয় ভারতীয়।
রিপোর্ট অনুযায়ী, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে জাহাজটি করাচি বন্দরে পৌঁছেছিল। এরপর থেকেই বিভিন্ন জটিলতায় সেখানে আটকে পড়েন ভারতীয় নাবিকরা। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা মার্চেন্ট নেভি অফিসার বিনীত কিশোর মিশ্র। তিনি ইরানের কেভার শিপিং কোম্পানির (KEVER Shipping Company) সঙ্গে যুক্ত ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এ ওই সংস্থায় যোগ দিয়েছিলেন তিনি। ওমান থেকে জাহাজ নিয়ে করাচি পৌঁছনোর পরই সমস্যার সূত্রপাত হয় বলে পরিবারের দাবি। জাহাজের মালিক সংস্থা এবং বন্দরের কর্তৃপক্ষের মধ্যে বিবাদের জেরে নাবিকদের দুর্ভোগ শুরু হয়।
এদিকে আটকে থাকা নাবিকদের পরিবারের অভিযোগ আরও উদ্বেগ বাড়িয়েছে। তাঁদের দাবি, জাহাজে কর্মরত ভারতীয়দের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী, জাহাজে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে। পরিবারের সদস্যদের দাবি, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে নিয়মিত কথা বলা সম্ভব হচ্ছে না। কখনও কখনও প্রায় ১৫ দিন অন্তর একবার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন নাবিকরা। ফলে তাঁদের শারীরিক অবস্থা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে ভারত সরকারের কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিদেশ মন্ত্রক এখনও জানায়নি, ঠিক কবে ছয় নাবিককে দেশে ফেরানো সম্ভব হবে। বিষয়টি বাণিজ্যিক বিবাদ হলেও পাকিস্তানের মাটিতে ভারতীয় নাগরিকদের দীর্ঘদিন আটকে থাকার কারণে কনসুলার সহায়তা জরুরি হয়ে পড়েছে।
সব মিলিয়ে, ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মানবিক ও কূটনৈতিক গুরুত্ব পেয়েছে ছয় ভারতীয় নাবিকের প্রত্যাবর্তনের বিষয়টি। এখন দেখার, পাকিস্তানের সহযোগিতা এবং শিপিং কোম্পানির উদ্যোগে কবে ঘরে ফিরতে পারেন তাঁরা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


