Indian Ships near Hormuz: হরমুজের পশ্চিমে আটকে ১৪ ভারতীয় জাহাজ, কাছেই মোতায়েন ভারতের ৭টি রণতরী
Indian Ships near Hormuz: হরমুজে এখনও প্রায় ১৪টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে এবং ভারত তাদের সেখান থেকে বের করে আনার চেষ্টা জোরদার করেছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের ১০টি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে এসেছে।
Indian Ships near Hormuz: হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজ লক্ষ্য করে সম্প্রতি গুলি ছুড়েছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সেনা। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পদক্ষেপ নেয় এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছিল। এই ঘটনার তীব্র আপত্তি জানায় দিল্লি। এরই মাঝে জানা গেল, হরমুজে এখনও প্রায় ১৪টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে এবং ভারত তাদের সেখান থেকে বের করে আনার চেষ্টা জোরদার করেছে।
অন্যদিকে, ভারতীয় নৌবাহিনী আরব সাগর এবং ওমান সাগরে ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করে জাহাজ পাহারা দেওয়া শুরু করেছে। গোলাগুলির ঘটনার পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ অঞ্চল দিয়ে যাতায়াত করা ভারতীয় জাহাজগুলির সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিয়েছে এই ঘটনায়। রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা ভারতীয় জাহাজের নিরাপত্তার বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই জাহাজগুলি যাতে নিরাপদে হরমুজ অতিক্রম করতে পারে, সেই চেষ্টা করছি আমরা।'
ইরানি কর্তৃপক্ষ এবং স্থানীয় আইআরজিসি ইউনিটের মধ্যে 'যোগাযোগের অভাবের' ফলস্বরূপ এই গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, গত ১৮ এপ্রিল মোট তিনটি জাহাজকে নিশানা করা হয়েছিল, যার মধ্যে দুটি ভারতীয়। ইরানের দুটি সামরিক গানবোট ভারতীয় পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারের কাছে এসে কোনও পূর্ব সতর্কতা বা রেডিও যোগাযোগ ছাড়াই গুলি চালাতে শুরু করে। ভাগ্যক্রমে, ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে যায়। এর কিছুক্ষণ পরেই ওমান উপকূলে আরও একটি ভারতীয় সুপারট্যাঙ্কারকে টার্গেট করা হয়। একটি শেল বা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে। এই ভয়াবহ ঘটনার মধ্যেই ভারতীয় নৌবাহিনী ওই এলাকায় ৭টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। আটকে পড়া জাহাজগুলিকে লার্ক দ্বীপ থেকে দূরে থাকতে বলা হয়েছে। 'অনুমতি' পেলেই এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলিকে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালীতে কমপক্ষে ১৪টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও নোঙর করে আছে। এর মধ্যে তিনটি বড় তেলের ট্যাঙ্কার এবং একটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে ভারতের ১০টি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে দেশে এসেছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


