The Hundred: 'নো হ্যান্ডশেক' নীতির মধ্যেই বড় চমক! পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের

The Hundred: বৃহস্পতিবার ব্রিটেনে আয়োজিত 'দ্য হানড্রেড' টুর্নামেন্টে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দলগুলির মধ্যে ম্যাচ শেষে পাকিস্তানের অলরাউন্ডার ফাতিমা সানার সঙ্গে করমর্দনের পাশাপাশি তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছেন ভারতের তারকা ব্যাটার জেমাইমা রদ্রিগেস।

Published on: Aug 1, 2026, 12:16:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

The Hundred: সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এটাই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ অঘোষিত নীতি। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের তিনটি ম্যাচেই সে দেশের ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম হ্যান্ডশেকের রাস্তায় যায়নি ভারতীয় দল। মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিলেন হরমনপ্রীত কৌররা। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। ২০২৫ সালে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর থেকেই ‘নো হ্যান্ডশেক’ রীতি চলেছে ভারত ও পাক ক্রিকেটারদের মধ্যে। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই দলের প্লেয়াররা। আরও তিক্ত হয়েছে সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের বরফ কী গলছে?

পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের (সৌজন্যে টুইটার)
পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের (সৌজন্যে টুইটার)

বৃহস্পতিবার ব্রিটেনে আয়োজিত 'দ্য হানড্রেড' টুর্নামেন্টে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দলগুলির মধ্যে ম্যাচ শেষে পাকিস্তানের অলরাউন্ডার ফাতিমা সানার সঙ্গে করমর্দনের পাশাপাশি তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছেন ভারতের তারকা ব্যাটার জেমাইমা রদ্রিগেস। ম্যাচ শেষে তাঁদের এই আলিঙ্গনের মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য হান্ড্রেড’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল 'সাদার্ন ব্রেভ' ও 'বার্মিংহাম ফিনিক্স।' ২৪ রানে ম্যাচ জেতে জেমাইমার দল 'সাদার্ন ব্রেভ।' গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো বা দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলছিল ভারতীয় দল। তবে বৃহস্পতিবারের ম্যাচের আমেজ ছিল একেবারেই ভিন্ন। চর্চা চলছিল ম্যাচ শেষে ফাতিমার সঙ্গে জেমাইমা হাত মেলাবেন কিনা। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করে ক্রিকেটপ্রেমীদের চমকে দেন তাঁরা। মুহূর্তের মধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

যদিও অন্য খেলায় ভারত ও পাকিস্তানের ক্রীড়াবিদদের মধ্যে হ্যান্ডশেক বা সৌজন্য বিনিময় দেখা গিয়েছে, কিন্তু ক্রিকেটে সেই ছবি খুব একটা দেখা যায়নি। সে কারণেই জেমাইমা ও ফাতিমার এই আলিঙ্গন অনেকের নজর কেড়েছে। এবার ম্যাচের কথায় আসা যাক, ‘সাদার্ন ব্রেভ’-এর হয়ে জেমাইমা রদ্রিগেস ১৮ বলে অপরাজিত ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে ‘বার্মিংহাম ফিনিক্স’-এর ফাতেমা সানার জন্য দিনটি ছিল বেশ হতাশাজনক। বল হাতে ১৫ বলে ৩৩ রান খরচ করেন তিনি। পরে ব্যাট হাতে অপরাজিত ৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। এই ম্যাচে 'সাদার্ন ব্রেভ' ২৪ রানে সহজ জয় তুলে নেয়। আর এই জয়ের ফলে চলতি মরশুমে টানা চার ম্যাচে অপরাজিত রইল 'সাদার্ন ব্রেভ', যেখানে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ‘বার্মিংহাম ফিনিক্স।’ তবে এই টুর্নামেন্ট শুরুর আগে চিন্তা বাড়ছিল, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব ম্যাচেও পড়বে কিনা। কারণ, ভারতীয়দের পাশাপাশি অনেক পাকিস্তানি ক্রিকেটারও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। আইপিএল-এর একাধিক ভারতীয় মালিক ‘দ্য হান্ড্রেড’-এ বিনিয়োগ করার পরে জল্পনা বাড়ছিল, পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। তবে সেই আশঙ্কা সত্যি হয়নি। সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স লিডস পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে দলে নিয়ে সমস্ত জল্পনায় জল ঢালে।