মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের প্রস্তাবে ভারতের ‘না’! চিন-পাকিস্তান ও আমেরিকার সঙ্গেই এক সারিতে নয়াদিল্লি
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মেক্সিকোর আনা 'মোরাটোরিয়াম অন দ্য ইউজ অফ দ্য ডেথ পেনাল্টি' শীর্ষক প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ৩৩টি। ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ।
মৃত্যুদণ্ডের উপর বিশ্বব্যাপী স্থগিতাদেশ জারির প্রস্তাব উঠেছিল রাষ্ট্রসংঘে। কিন্তু সেই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিল ভারত। শুধু ভারত নয়, চিন, পাকিস্তান, আমেরিকা, জাপান-সহ মোট ৩৩টি দেশ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করে ধীরে ধীরে এই শাস্তি সম্পূর্ণ তুলে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। রাষ্ট্রসংঘের এই ভোটাভুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কেন মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি বজায় রাখার পক্ষে ভারত? রাষ্ট্রসংঘের মঞ্চে তার ব্যাখ্যাও দিয়েছে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মেক্সিকোর আনা 'মোরাটোরিয়াম অন দ্য ইউজ অফ দ্য ডেথ পেনাল্টি' শীর্ষক প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ১৩৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ৩৩টি। ভোটদানে বিরত থাকে ১৬টি দেশ। অর্থাৎ, অধিকাংশ রাষ্ট্র মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করার উদ্যোগকে সমর্থন করেছে।
প্রস্তাবটিতে বিশ্বের সমস্ত দেশকে মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ জারি করার আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ অবলুপ্তির কথাও বলা হয়েছে। যেসব দেশ ইতিমধ্যেই মৃত্যুদণ্ড তুলে দিয়েছে, তাদের পুনরায় এই শাস্তি চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এই প্রস্তাবের বিরোধিতা করে ভারত স্পষ্ট জানিয়েছে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনও সর্বসম্মত অবস্থান তৈরি হয়নি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন দেশের অবস্থান ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ নির্দিষ্ট শর্ত মেনে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। ফলে মৃত্যুদণ্ডের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে সব দেশের মধ্যে ঐকমত্য রয়েছে, এমনটা বলা যায় না।
ভারতের তরফে আরও জানানো হয়েছে, দেশের বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয় অত্যন্ত কঠোর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। শুধুমাত্র 'বিরল থেকে বিরলতম' বা 'রেয়ারেস্ট অফ দ্য রেয়ার' মামলাতেই এই শাস্তি প্রয়োগ করা হয়। অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, নিরপেক্ষ আদালতে বিচার এবং উচ্চতর আদালতে আবেদন করার মতো আইনি সুরক্ষাও রয়েছে। তাই মৃত্যুদণ্ডের মতো শাস্তি রাখা বা তুলে দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন ও বিচারব্যবস্থার বিষয় বলেই মনে করে নয়াদিল্লি।
এদিকে, এই ভোটাভুটিতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, চিন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, বাহরিন, মিশর-সহ একাধিক দেশ। যদিও এই দেশগুলির মৃত্যুদণ্ড সংক্রান্ত আইন ও অবস্থানের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
এখানেই শেষ নয়। রাষ্ট্রসংঘের অন্য একটি প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে ভারত। বিচারবহির্ভূত, দ্রুত এবং স্বেচ্ছাচারী হত্যাকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন করলেও তার একটি অনুচ্ছেদ থেকে নিজেদের সরিয়ে রেখেছে নয়াদিল্লি। ওই অনুচ্ছেদে আইনসম্মত মৃত্যুদণ্ডকে নির্যাতন ও অমানবিক আচরণের সঙ্গে তুলনা করা হয়েছিল। ভারতের বক্তব্য, আদালতের নির্দেশে যথাযথ আইনি প্রক্রিয়ায় দেওয়া মৃত্যুদণ্ডকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য করা যায় না।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘে মৃত্যুদণ্ড স্থগিত রাখার এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে ভারত আগেও অবস্থান নিয়েছে। ২০১৬, ২০১৮ এবং ২০২৪ সালেও একই ধরনের প্রস্তাবের বিরোধিতা করেছিল নয়াদিল্লি।
সব মিলিয়ে, মৃত্যুদণ্ডের প্রশ্নে মানবাধিকার ও রাষ্ট্রের সার্বভৌম অধিকারের সংঘাত আবারও সামনে এল রাষ্ট্রসংঘের মঞ্চে। অধিকাংশ দেশ মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করার পক্ষে থাকলেও ভারত নিজের বিচারব্যবস্থা ও আইনি অধিকারের প্রশ্নে অবস্থান বদলাতে নারাজ।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


