মাঝ আকাশে আতঙ্ক! দিল্লি বিমানবন্দরে রুদ্ধশ্বাস ইমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগোর, অল্পের জন্য...

এদিন বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বোয়িং ৭৩৭ বিমানটি। কিন্তু পাইলট সন্দেহ করেন যে বিমানের একটি ইঞ্জিনে বড়সড় ত্রুটি দেখা দিয়েছে।

Published on: Mar 28, 2026, 14:24:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার সকালে চরম উৎকণ্ঠা ছড়াল নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানে মাঝ-আকাশেই ইঞ্জিনে গোলযোগের সন্দেহ দেখা দেয়। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে দিল্লি বিমানবন্দরে তড়িঘড়ি পূর্ণাঙ্গ জরুরি অবস্থা ঘোষণা করেন কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের আগে সব রকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়। তবে বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট।

দিল্লি বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগোর (PTI)
দিল্লি বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগোর (PTI)

সূত্রের খবর, বিমানের ইঞ্জিনে সমস্যার খবর পাওয়া মাত্রই শনিবার সকাল ১০ টা ৩৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। এদিন বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর বোয়িং ৭৩৭ বিমানটি। কিন্তু পাইলট সন্দেহ করেন যে বিমানের একটি ইঞ্জিনে বড়সড় ত্রুটি দেখা দিয়েছে। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি এবং বিমানবন্দর প্রশাসনের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। জরুরি প্রোটোকল অনুসরণ করে ইন্ডিগোর ফ্লাইটটি সকাল ১০টা ৫৪ মিনিটে আইজিআই বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে নিরাপদে অবতরণ করে। এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে মোট ১৬১ জন যাত্রী ছিলেন। অবতরণের পরপরই সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার পর তাদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, পাইলটদের তরফে জরুরি অবতরণের অনুরোধ জানানো হয়। নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে বিমানটি। সব পক্ষকে জানানো হয়েছিল আগে থেকে। বিমানটি পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা সর্বদা প্রাধান্য পায় বলেও জানিয়েছে ইন্ডিগো। তারা জানিয়েছে, অবতরণের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই মতো আগাম সতর্কবার্তা পাঠান পাইলটরা। কিন্তু বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে চলতি মাসেই শুরুতেই থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে ফুকেটগামী বিমানটি হার্ড ল্যান্ডিং করার সময় নোজ ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে প্রায় ছয় ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখতে হয়। গত মাসেও দিল্লি এয়ারপোর্টে জরুরি অবস্থা ঘোষণা করে স্পাইসজেটের একটি বিমানকে অবতরণ করানো হয়। দিল্লি থেকে লেহ যাচ্ছিল বিমানটি। কিন্তু ওড়ার পর মুহূর্তেই বিমানের ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বিমানের মুখ ঘুরিয়ে সেটিকে আবার দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়।