IPL Controversy 2026: 'বিশ্বকাপের পর...,' কোহলি-হেড দ্বন্দ্বে উত্তাল IPL, কুৎসিত পরিণতি ফাঁস অজি তারকার স্ত্রী'র
IPL Controversy 2026: গত ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এই ঘটনার সূত্রপাত। হায়দরাবাদ ও বেঙ্গালুরু ম্যাচের মেজাজ প্রথম থেকেই বেশ চড়া ছিল। সেই ম্যাচে বড় জয় পায় হায়দরাবাদ।
IPL Controversy 2026: আইপিএলের লিগ স্তরের খেলা প্রায় শেষলগ্নে। কিন্তু টুর্নামেন্টের উত্তেজনা কমার বদলে পারদ চড়ছে প্রতিনিয়ত। গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর সেই উত্তেজনাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেডের সঙ্গে বিরাট কোহলির করমর্দন (হ্যান্ডশেক) না করার ঘটনা ঘিরে ক্রিকেট বিশ্বে এখন জোর চর্চা শুরু হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার হয়েছেন হেড ও তাঁর স্ত্রী জেসিকা হেড। যা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং অজি ক্রিকেটারের স্ত্রী।

গত ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এই ঘটনার সূত্রপাত। হায়দরাবাদ ও বেঙ্গালুরু ম্যাচের মেজাজ প্রথম থেকেই বেশ চড়া ছিল। সেই ম্যাচে বড় জয় পায় হায়দরাবাদ। কিন্তু ম্যাচ চলাকালীন মাঝে মধ্যেই দু’দলের ক্রিকেটারদের মধ্যে হালকা কথা চালাচালি হতে দেখা যায়। তবে পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে আরসিবির ব্যাটিং চলাকালীন। ব্যাটিংয়ের সময় কোহলির সঙ্গে হেডের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। এমনকী হেডকে বোলিংয়েও আসতে বলেন। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠেছিল, তা স্পষ্ট না হলেও ম্যাচ শেষে করমর্দনের সময় কোহলির হেডকে এড়িয়ে যাওয়া নতুন করে বিতর্ক তৈরি করে। খেলা শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটাররা যখন প্রথা মেনে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন দেখা যায় প্যাট কামিন্স বা ঈশান কিশনদের সঙ্গে স্বাভাবিকভাবে হাত মেলালেও ট্র্যাভিস হেডকে সচেতনভাবেই এড়িয়ে যান কোহলি। হেড নিজে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাতে বিন্দুমাত্র সাড়া দেননি বিরাট। এমনকী হেডের দিকে না তাকিয়েই তিনি সোজা এগিয়ে যান।
কিন্তু এখানেই বিতর্কের অবসান হয়নি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় হেড ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এমনকী হুমকিও দেওয়া হয়। পুরনো পারিবারিক ছবিতেও কুরুচিকর মন্তব্য করা হয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাডভারটাইজার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেন, 'বিশ্বকাপের পর যেভাবে আমাদের গালিগালাজ হয়েছিল, এটি যেন তারই পুনরাবৃত্তি। ঘুম থেকে উঠে দেখি ইনবক্স ভরে গিয়েছে। সেখানে অসংখ্য আক্রমণাত্মক বার্তা...আমরা ঠিক আছি। কিন্তু এখন আমাদের বন্ধু ও পরিবারকেও টার্গেট করা হচ্ছে।' তবে জেসিকার জন্য এ ধরনের অভিজ্ঞতা নতুন কিছু নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও একই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও একইভাবে হুমকি ও কুরুচিকর আচরণের শিকার হতে হয়েছিল তাঁদের। এমনকী গুরুতর হুমকির ঘটনাও সামনে এসেছিল। পরবর্তীতেও বিভিন্ন ম্যাচের পর এই প্রবণতা থামেনি। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টের পরও একই ধরনের ঘটনা ঘটে বলে জানা যায়।
এই প্রসঙ্গে জেসিকা বলেন, 'খেলায় আবেগ থাকবেই, কিন্তু মনে রাখতে হবে। মাঠের বাইরেও আমরা সবাই মানুষ, আমাদের পরিবার আছে। মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্মান নিয়ে এখনই গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন। আশা করি, মানুষ আরও সহানুভূতিশীল হবে।' এদিকে, পুরো বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি ট্রাভিস হেড। তবে ম্যাচের পর তাঁর একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে জল্পনা তৈরি হয়। সেখানে লেখা ছিল 'কিপ দ্য বডি গেসিং', যা অনেকের কৌতূহল বাড়িয়েছে। তবে সেটি আদৌ কোহলি-ঘটনার ইঙ্গিত কিনা, তা এখনও নিশ্চিত নয়।
E-Paper

