Iran Attack near Dubai Airport: দুবাই বিমানবন্দর ঘেঁষে ইরানি ড্রোন হামলা, ভারতে ফিরল দুবাইগামী বিমান
আজ এক ড্রোন হামলার জেরে দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন লেগে যায়। এর জেরে দুবাই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়। এই আবহে কোচি থেকে দুবাই উড়ে যাওয়া বিমান মাঝ আকাশ থেকে দেশে ফিরতে বাধ্য হয়।
ফের একবার দুবাইতে হামলা ইরানের। আজ এক ড্রোন হামলার জেরে দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন লেগে যায়। এর জেরে দুবাই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়। এই আবহে কোচি থেকে দুবাই উড়ে যাওয়া বিমান মাঝ আকাশ থেকে দেশে ফিরতে বাধ্য হয়। এদিকে ড্রোন হামলার পরে সেখানে আশেপাশে থাকা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাতি কর্তৃপক্ষ।

এদিকে ইরানের দাবি, দুবাইয়ের এই সব ঘাঁটিতে মার্কিন সেনারা লুকিয়ে রয়েছেন। তাই নাকি এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক বার্তায় দুবাই ও দোহায় বন্দর এবং বিমানবন্দর এলাকা থেকে সকল লোকজনকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। এরই মাঝে আজ ভোরে কোচি থেকে উড়ে যাওয়া একটি এমিরেটসের উড়ান ফিরে আসে ভারতে। আজ ভোর সাড়ে ৪টের সময় সেই বিমানটি উড়ে গিয়েছিল কোচি থেকে। তবে দুবাই বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় উড়ানটি মাঝ আকাশ থেকে ফিরে আসে কোচিতেই। সেই উড়ানে ৩২৫ জন যাত্রী ছিলেন।
উল্লেখ্য, যুদ্ধকালে সংযুক্ত আরব আমিরাতের একাধিক স্থানে হামলা চালিয়েছিল ইরান। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবু ধাবির বহু হোটেল, ভবন, বন্দরে হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি মিসাইলের আঘাতে। এমনকী দুবাইয়ের বিমানবন্দরেও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। দুবাইয়ে মেরিনার টাওয়ার, বিলাসবহুল পাম জুমেইরা এলাকার ফেয়ারমন্ট দ্য পাম হোটেল, বুর্জ আল আরব হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। যদিও এই সব জায়গায় হামলার বিষয়টি সরকারি ভাবে স্বীকার করছে না আমিরাতি সরকার। শুধু তাই নয়, দুবাই বিমানবন্দরে হামলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সত্ত্বেও সে দেশের সরাকারি টিভি চ্যানেলে দাবি করা হয়েছে, বিমানবন্দরে নাকি কোনও হামলাই হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরানের দিক থেকে ধেয়ে আসা ড্রোন এবং মিসাইলগুলিকে প্রতিহত করার কাজ করছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। তাদের হিসেব মতো ইরানের অধিকাংশ মিসাইল এবং ড্রোন তারা আকাশেই ধ্বংস করেছে। তবে সেই সব মিসাইল বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে গিয়ে নাকি বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাইতে এখনও পর্যন্ত পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালি নাগরিকদের মৃত্যু ঘটেছে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











