Iran slams Trump: সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে ইরান, দাবি ছিল ট্রাম্পের, '১ ঘণ্টায় ৭ মিথ্যা', জবাব তেহরানের
Iran slams Donald Trump: ইরানের বিদেশ মন্ত্রণালয় শুক্রবার রাতে বলেছে যে দেশটি তার সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে হস্তান্তর করবে না। ইরানি পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গলিবাফ আবার দাবি করেন, ট্রাম্প ১ ঘণ্টায় ৭টা মিথ্যা বলেছেন।
Iran slams Donald Trump: ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, তেহরান নাকি তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে আমেরিকাকে। যদিও ট্রাম্পের এহেন দাবি পুরোপুরি উড়িয়ে দিল ইরান। ইরানের বিদেশ মন্ত্রণালয় শুক্রবার রাতে বলেছে যে দেশটি তার সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে হস্তান্তর করবে না। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি কোনও শক্তিকে তা স্থানান্তর করা হবে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান নাকি অনির্দিষ্টকালের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে। এছাড়া ইরানের যে সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করেছে, তাও ফেরত দওয়া হবে না বলে জানান ট্রাম্প। এরই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আবার জানান, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি স্থায়ী চুক্তি নিয়ে হতে পারে সপ্তাহান্তে। ট্রাম্পের কথায়, 'মূল বিষয়গুলোর বেশিরভাগই চূড়ান্ত হয়ে গেছে। এটি (যুদ্ধ) খুব দ্রুত শেষ হবে'। উল্লেখ্য, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এদিকে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম হু হু করে কমেছে। এদিকে ইরান অবরোধ তুলে নিলেও আমেরিকা এখনও হরমুজ প্রণালীর মুখে অবরোধ জারি রেখেছে।
এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, লেবাননের সঙ্গে সংঘর্ষবিরতির বদলে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে ইরান। এদিকে ট্রাম্প বলছেন, যতক্ষণ না ইরানের সঙ্গে তাদের 'লেনদেন' সম্পন্ন হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে আমেরিকা। এদিকে ট্রাম্প আরও বলেন, যদি আমেরিকা ও ইরানের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন না হয়, তাহলে ফের ইরানে বোমা ফেলবে আমেরিকা।
এরপর ইরানি পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গলিবাফ আমেরিকাকে পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি হরমুজে অবরোধ জারি রাখে, তাহলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তিনি বলেন, 'এই সব মিথ্যা বলে আমেরিকা যুদ্ধ জিততে পারেনি, আলোচনার ক্ষেত্রেও তারা এই সব মিথ্যা বলে কিছু অর্জন করবে না। হরমুজ প্রণালী খোলা কি বন্ধ বা কোন নিয়মে এটা চলবে, তা নির্ধারণ করা হবে জমিতে।' ইরানি স্পিকার দাবি করেন, ট্রাম্প ১ ঘণ্টায় ৭টা মিথ্যা বলেছেন। যদিও ট্রাম্পের কোন কোন দাবিকে তিনি 'মিথ্যা' বলে আখ্যা দিয়েছেন, তা তিনি স্পষ্ট করে দেননি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


