Iran Vs Argentina: আর্জেন্টিনার নৌবাহিনী ও বায়ুসেনাকে সন্ত্রাসবাদী ঘোষণা ইরানের! পাল্টা পদক্ষেপে তীব্র কূটনৈতিক সংঘাত

বুধবার, ১১ নভেম্বর ইরানের বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মূলত কয়েক মাস আগে আর্জেন্টিনা ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।

Published on: Nov 12, 2026, 14:42:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল ইরান ও আর্জেন্টিনার মধ্যে। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার নৌবাহিনী এবং বায়ুসেনাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল ইরান। বুধবার, ১১ নভেম্বর ইরানের বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মূলত কয়েক মাস আগে আর্জেন্টিনা ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল। তারই পাল্টা জবাব দিতে এবার আর্জেন্টিনার সামরিক বাহিনীর দুটি শাখাকে নিশানা করল তেহরান। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল ইরান ও আর্জেন্টিনার মধ্যে। (AP Photo/Vahid Salemi)
আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল ইরান ও আর্জেন্টিনার মধ্যে। (AP Photo/Vahid Salemi)

ইরানের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, পারস্পরিক পদক্ষেপ বা Reciprocity-র নীতির ভিত্তিতেই আর্জেন্টিনার নৌবাহিনী এবং বায়ুসেনাকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তেহরানের বক্তব্য, ইরানের সামরিক বাহিনীকে যে দেশ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে, সেই দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করার আইনি অধিকার রয়েছে ইরানের। ২০১৯ সালে এ সংক্রান্ত একটি আইন পাস করেছিল ইরান। সেই আইনের আওতাতেই আর্জেন্টিনার নৌবাহিনী ও বায়ুসেনাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। একইসঙ্গে ইরানের হুঁশিয়ারি, এই সিদ্ধান্তের ফলে যে কোনও পরিণতির সম্পূর্ণ দায় আর্জেন্টিনা সরকারকেই নিতে হবে। তবে আর্জেন্টিনার স্থলসেনাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

কিন্তু কেন ইরানের সামরিক বাহিনীকে নিশানা করেছিল আর্জেন্টিনা? এর পিছনে রয়েছে প্রায় তিন দশক পুরনো একটি রক্তক্ষয়ী ঘটনা। ১৯৯৪ সালের ১৮ জুলাই আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে AMIA নামে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় প্রাণ হারান ৮৫ জন। আহত হন কয়েকশো মানুষ। আর্জেন্টিনার অভিযোগ, এই হামলার পিছনে ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা এবং তাদের সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে। তেহরানের IRGC হেজবোল্লাকে সমর্থন করে বলেও অভিযোগ করে বুয়েনস আইরেস।

এই অভিযোগের ভিত্তিতেই ২০২৬ সালের মার্চের শেষদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের সরকার IRGC-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফেও বিভিন্ন দেশের উপর IRGC-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাপ ছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর্জেন্টিনার ওই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। এবার তারই পাল্টা পদক্ষেপ করল ইরান।

অন্যদিকে, তেহরানের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা। দেশটির বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের এই ঘোষণাকে তারা সম্পূর্ণভাবে খারিজ করছে। অর্থাৎ, আর্জেন্টিনা যেমন IRGC-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে, তেমনই ইরানও পাল্টা আর্জেন্টিনার সামরিক বাহিনীর দুটি শাখাকে একই তকমা দিল।

উল্লেখযোগ্য বিষয় হল, শুধু আর্জেন্টিনা নয়, সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সঙ্গেও একই ধরনের সংঘাতে জড়িয়েছে ইরান। ব্রিটেন জুলাই মাসে IRGC-কে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার পর চলতি নভেম্বরেই ইরান ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-কে শত্রু গোষ্ঠী হিসেবে ঘোষণা করে। পাশাপাশি ব্রিটেনের নৌবাহিনী ও বায়ুসেনাকেও সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় রেখেছে তেহরান।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি ঘোষণা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। যদিও আর্জেন্টিনার নৌবাহিনী ও বায়ুসেনাকে সন্ত্রাসবাদী ঘোষণার ফলে বাস্তবে কী ধরনের নিষেধাজ্ঞা বা পদক্ষেপ কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, আমেরিকা ও ইজরায়েলের ঘনিষ্ঠ মাইলেই সরকারের সঙ্গে সংঘাতের পথেই হাঁটছে ইরান। ফলে লাতিন আমেরিকাতেও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক সংঘাতের প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More