Iran War Latest Update: আলোচনায় রাজি, তবে ট্রাম্পের সঙ্গে কথা নয়, জানিয়েছে ইরান! তাহলে কার সাথে আলোচনা?

ইরানের বক্তব্য, জ্যারেড কুশনার কিংবা স্টিভ উইটকফের সঙ্গে এর আগেরবার আলোচনা করার মাঝেই তাদের ওপর হামলা হয়েছিল। এই পরিস্থিতিতে তাদের প্রতি তেহরানের কোনও আস্থা নেই। উইটকফ এবং কুশনারকে তারা 'ট্রাম্পের লোক' হিসেবেই দেখছেন।

Published on: Mar 25, 2026, 14:11:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ট্রাম্পের আমেরিকা। তবে ইরান কি এই পরিকল্পনায় রাজি হবে? রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান নাকি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে তারা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। এমন পরিস্থিতিতে ইরান ট্রাম্পের এসব দাবিকে সম্পূর্ণভাবে সমর্থন করবে, এমন সম্ভাবনা কম। ইরানের বক্তব্য, জ্যারেড কুশনার কিংবা স্টিভ উইটকফের সঙ্গে এর আগেরবার আলোচনা করার মাঝেই তাদের ওপর হামলা হয়েছিল। এই পরিস্থিতিতে তাদের প্রতি তেহরানের কোনও আস্থা নেই। উইটকফ এবং কুশনারকে তারা 'ট্রাম্পের লোক' হিসেবেই দেখছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ইরান (AFP)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে আগ্রহী ইরান (AFP)

হোয়াইট হাউজের একটি সূত্র অবশ্য দাবি করেছে, ইরান এমন কোনও দাবি জানায়নি যে তারা শুধুমাত্র ভ্যান্সের সঙ্গে আলোচনা করবে। এই দাবিকে 'বিদেশি ভুয়ো প্রচার' বলে দাবি করেছে সেই সূত্র। ট্রাম্পের গ্রহণযোগ্যতা নষ্ট করতেই এই প্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। এদিকে হোয়াইট হাউজের তরফ থেকে ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট একাই মার্কিন আলোচনাকারী দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরই সঙ্গে তিনি জানান, বৃহত্তর আকারে ভ্যান্স, মার্কিন সেক্রেটারি অফি স্টেট মার্কো রুবিও, উইটকফ এবং কুশনার আলোচনার সঙ্গে যুক্ত।

এদিকে ট্রাম্প বলেন, তিনি ইরানি নেতৃত্বের 'ভালো মানুষদের' সঙ্গে আলোচনা করছেন। নিউইয়র্ক টাইমস মঙ্গলবার একটি প্রতিবেদনে বলেছে যে ১৫ দফা পরিকল্পনাটি ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাম্পের সেই পরিকল্পনায় কী আছে? যদিও সম্পূর্ণ নথিটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ১৫ দফা পরিকল্পনার কাঠামো তিনটি প্রধান দাবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ ভাবে বন্ধ করা, নাতাঞ্জ, ফোর্ডো এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলি বন্ধ করা এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেওয়া।

এরই সঙ্গে হামাস, হিজবুল্লা বা হুথির মাধ্যমে 'ছায়াযুদ্ধ' ত্যাগ করতে বলা হয়েছে ইরানকে। এই সব গোষ্ঠীদের অর্থায়ন বা সাহায্য বন্ধ করতে বার্তা দেওয়া হয়েছে তেহরানকে। এরই সঙ্গে ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত করতে বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী খোলা রাখা এবং যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে এই পরিকল্পনায়। এসবের বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে ইরানকে ছাড় দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More