Delimitation Bill: তৃণমূলের ২০ বিদ্রোহী, ২২ ডিএমকে সাংসদ ও লোকসভার অঙ্ক! আসন পুনর্বিন্যাস বিলে সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ

Delimitation Bill: আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে আনা সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬— যা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত ছিল, তা গত এপ্রিল মাসে সংসদে প্রয়োজনীয় সমর্থনের অভাবে আটকে গিয়েছিল।

Published on: Nov 27, 2026, 13:15:56 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Delimitation Bill: দীর্ঘদিন ধরে যে পদক্ষেপের জল্পনা চলছিল, এবার সেই সংসদে আসন সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন বিল (Delimitation bill) নিয়ে নতুন করে তৎপরতা শুরু করল কেন্দ্র। আসন্ন লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশনে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন বা ডিলিমিটেশন বিলঘিরে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলছে। ডিলিমিটেশন বিল পাস করাতে এবার অনেকটাই আত্মবিশ্বাসী শাসক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)। জোটের শীর্ষ নেতাদের বিশ্বাস, বিরোধী শিবিরে নজিরবিহীন ভাঙন এবং সমীকরণ বদলের জেরে লোকসভায় ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে সরকার, এমনকী তা ছুঁয়েও ফেলতে পারে।

আসন পুনর্বিন্যাস বিলে সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ (HT_PRINT)
আসন পুনর্বিন্যাস বিলে সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ (HT_PRINT)

গত ১৩ অগাস্ট সংসদের বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে তা স্থগিত (Prorogued) করা হয়নি। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর থেকে লোকসভা এবং ২ ডিসেম্বর থেকে রাজ্যসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ বৃদ্ধি করা এবং এই পুরো প্রক্রিয়াটিকে জনগণনা বা সেন্সাস থেকে আলাদা করার মতো দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা চলছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই এই বিষয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনের আগেই মহিলা সংরক্ষণ বিলটি পুনরায় পেশ ও পাস করানোর লক্ষ্যেই কেন্দ্রের এই তৎপরতা।

আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের লক্ষ্যে আনা সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬— যা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত ছিল, তা গত এপ্রিল মাসে সংসদে প্রয়োজনীয় সমর্থনের অভাবে আটকে গিয়েছিল। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সংরক্ষণের পক্ষে জোরালো সওয়াল করে বিরোধী দলগুলির বিরুদ্ধে বিলটি আটকে দেওয়ার অভিযোগ তুলেছিলেন। এবার জনগণনার শর্ত সরিয়ে এবং সব রাজ্যে সমানভাবে ৫০ শতাংশ আসন বাড়ানোর প্রস্তাব এনে আঞ্চলিক দলগুলির আপত্তি কাটানোর কৌশল নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।

লোকসভায় সংখ্যার অঙ্ক

সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ৫৪৩ আসনের লোকসভায় বর্তমানে তিনটি আসন শূন্য থাকায় মোট সদস্য সংখ্যা ৫৪০। সেই হিসেবে বিলটি পাস করাতে অন্তত ৩৬১ জন সাংসদের সমর্থন জরুরি। গত এপ্রিলে এনডিএ শিবিরের কাছে প্রায় ৩২০ জন সাংসদ থাকায় প্রয়োজনীয় সংখ্যার অভাবে বিলটি পাস হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০ জন সাংসদ স্বল্পপরিচিত ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন। পাশাপাশি শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠীর ছয়জন সাংসদ যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনায়। এছাড়াও লোকসভায় একজন সাংসদ থাকা শিরোমণি অকালি দলও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।

তৃণমূলের এই ২০ জন বিদ্রোহী সাংসদের এনসিপিআই-এর সঙ্গে মিশে যাওয়ার আবেদন এখনও লোকসভার স্পিকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। লোকসভার এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নথিতে তাঁরা এখনও তৃণমূল সাংসদ হিসেবেই নথিভুক্ত রয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্রোহী গোষ্ঠীর এক শীর্ষ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'আমরা এনডিএ-র সঙ্গে আছি এবং ডিলিমিটেশন বিলকে সমর্থন করছি।' সব মিলিয়ে বিরোধী শিবির থেকে ২৬ জন সাংসদ শাসক জোটের দিকে ঝুঁকলেও, ৩৬১-এর ম্যাজিক ফিগার ছুঁতে কেন্দ্রের আরও কিছু বাড়তি সমর্থনের প্রয়োজন হবে। এই পরিস্থিতিতে ২২ জন সাংসদ থাকা ডিএমকে (DMK) এবং ৮ জন সাংসদ থাকা এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী)-র অবস্থান নির্ণায়ক হয়ে উঠতে পারে। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে আগে জানিয়েছিলেন, প্রতিটি রাজ্যে আসন সংখ্যা ৫০ শতাংশ করে বাড়ানোর প্রস্তাবকে তিনি সমর্থন করবেন। বৃহস্পতিবার তিনি বলেন, 'আগে বিল পেশ হোক। আমাদের হাতে সম্পূর্ণ বিল আসুক। তার পর আমরা আলোচনা করব। হয়তো বিলটি ভালোও হতে পারে।' এই পরিস্থিতিতে ডিএমকের সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তামিলনাড়ুতে কংগ্রেস বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট করার পর ডিএমকে ইন্ডিয়া জোট ছেড়েছে। আসন পুনর্নির্ধারণ নিয়ে দলের সাংসদদের বৈঠক ডাকার পরিকল্পনা রয়েছে ডিএমকের। সব রাজ্যে আসন সংখ্যা ৫০ শতাংশ করে বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে আসন বণ্টনের বৈষম্য নিয়ে তাদের আপত্তি কমতে পারে।

রাজ্যসভার অঙ্কে কতটা এগোল এনডিএ?

রাজ্যসভার অঙ্কও কম গুরুত্বপূর্ণ নয়। রাজ্যসভায় বর্তমানে ২৪৪ জন সদস্য রয়েছেন (একটি আসন শূন্য)। সেখানে বিলটি পাস করাতে সরকারের ১৬৩টি ভোটের প্রয়োজন। এনডিএ-র হাতে ইতিমধ্যেই ১৫৪টি ভোট রয়েছে। বাকি ভোটের জন্য বিজু জনতা দল (৫ জন সাংসদ) এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির (৪ জন সাংসদ) মতো জোট-নিরপেক্ষ দলগুলির সমর্থনের ওপর নির্ভর করতে হবে সরকারকে। সংবিধান সংশোধনী বিল পাস করাতে হলে উভয় কক্ষের মোট সদস্যের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থন এবং অন্তত অর্ধেক রাজ্যের বিধানসভার অনুমোদন প্রয়োজন।

অধিবেশনে বিরোধীদের বিক্ষোভের আশঙ্কা

অন্যদিকে, আসন্ন এই বিশেষ অধিবেশনে কেন্দ্রকে তীব্র বিরোধিতার মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এ কথিত অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলি সংসদ অচল করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ফলে মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্কে উত্তাল হতে পারে সংসদের চার দিনের এই বিশেষ অধিবেশন।