Israel Latest Update: নেতানিয়াহুকেই জোট আলোচনায় ডাকলেন আইজেনকট! ইজরায়েলে কি নতুন সমীকরণ?

ইজরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন গাদি আইজেনকট। তাঁর হাতে রয়েছে আগামী মাস পর্যন্ত সময়। সেই সময়সীমার মধ্যেই নতুন সরকার গড়তে হবে তাঁকে। শনিবার ইয়াশার পার্টির বিবৃতিতে জানানো হয়েছে, যত রকম ভাবে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে, সবকটি খতিয়ে দেখতে চান আইজেনকট।

Published on: Nov 22, 2026, 08:02:52 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ইজরায়েলের রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকেই সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ জানালেন গাদি আইজেনকট। আগামী দিনে ইজরায়েলে নতুন সরকার গড়ার লক্ষ্যে এই আলোচনা শুরু হতে চলেছে। শনিবার আইজেনকটের দল ইয়াশার পার্টির তরফে এই ঘোষণা করা হয়েছে। রবিবার থেকেই দুই পক্ষের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা। অক্টোবরের নির্বাচনে কোনও শিবিরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে বৃহত্তর জোট গড়ার চেষ্টা করছেন প্রাক্তন সেনাপ্রধান আইজেনকট। তবে নেতানিয়াহুকে সরকারে রাখা নিয়ে তাঁর শিবিরের মধ্যেই মতবিরোধ রয়েছে।

নেতানিয়াহুকেই জোট আলোচনায় ডাকলেন আইজেনকট! ইজরায়েলে কি নতুন সমীকরণ? (AP Photo/Ohad Zwigenberg)
নেতানিয়াহুকেই জোট আলোচনায় ডাকলেন আইজেনকট! ইজরায়েলে কি নতুন সমীকরণ? (AP Photo/Ohad Zwigenberg)

ইজরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন গাদি আইজেনকট। তাঁর হাতে রয়েছে আগামী মাস পর্যন্ত সময়। সেই সময়সীমার মধ্যেই নতুন সরকার গড়তে হবে তাঁকে। শনিবার ইয়াশার পার্টির বিবৃতিতে জানানো হয়েছে, যত রকম ভাবে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে, সবকটি খতিয়ে দেখতে চান আইজেনকট। সেই কারণেই লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির বক্তব্য, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক ঐকমত্যের সরকার গড়ার ব্যাপারে আন্তরিকতা থেকেই এই উদ্যোগ।

তবে এই সিদ্ধান্ত আইজেনকটের শিবিরের অন্দরে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। কারণ, তাঁর শিবিরের গুরুত্বপূর্ণ নেতা তথা ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুকে নিয়ে একেবারেই আপস করতে নারাজ। শনিবার তিনি আইজেনকটের নেতৃত্বে একটি জিয়োনিস্ট জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে সওয়াল করেছেন। একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহু বা তাঁর নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে কোনও জোটে যেতে রাজি নয় তাঁর দল।

অন্যদিকে, নেতানিয়াহুও জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। তাঁর বক্তব্য, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য প্রয়োজন। আইজেনকটের আমন্ত্রণের পর লিকুদ পার্টিও তাদের শর্ত সামনে এনেছে। তাদের দাবি, নেতানিয়াহু এবং তাঁর সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও উস্কানি বন্ধ করতে হবে। পাশাপাশি রাজনৈতিক বয়কটের নীতিও পরিত্যাগ করতে হবে।

শুধু তাই নয়, সরকারে কাদের রাখা হবে, তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে লিকুদ। তাদের প্রস্তাব, নতুন ঐক্যের সরকারে এমন দলগুলিকেই জায়গা দেওয়া উচিত, যারা ইহুদি জনগণের রাষ্ট্র হিসেবে ইজরায়েলের অস্তিত্বকে সমর্থন করে। আরব দলগুলিকে এই জোটের বাইরে রাখার পক্ষেও সওয়াল করেছে নেতানিয়াহুর দল। হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর আরব দলগুলির অবস্থান নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা। যদিও আরব দলগুলির নেতারা ওই হামলার নিন্দা করেছেন।

লিকুদের প্রস্তাবিত সরকারের কর্মসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইজরায়েলের নিরাপত্তা বলয় বজায় রাখা এবং অতি-অর্থডক্স ইহুদিদের সেনাবাহিনীতে যোগদান নিয়ে বৃহত্তর সমঝোতা।

এদিকে, বৃহত্তর জোট গঠনের চেষ্টা ব্যর্থ হলে বিকল্প পথেও হাঁটতে প্রস্তুত আইজেনকট। শুক্রবার তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকার গঠনের প্রস্তাবও পার্লামেন্টে পেশ করবেন। ফলে নেতানিয়াহুকে আলোচনায় ডাকলেও তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রবিবারের বৈঠক ইজরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।