Italian leader: 'ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান...,' ‘ভোট চোর’ স্লোগান বিতর্কে ইতালীয় রাজনীতিবিদকে কড়া বার্তা মেলোনির দলের
Vote chori remark of Italian leader: জর্জিয়া মেলোনির আমলে ভারত এবং ইটালির দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। তার মধ্যে পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল জিয়াকোমো ফিলিবেকের মন্তব্যে অস্বস্তি বেড়েছে ইটালির রাজনৈতিক মহলে।
Vote chori remark of Italian leader: হায়দরাবাদে ‘ভারত সামিট’-এর মঞ্চে ইতালীয় রাজনীতিবিদ জিয়াকোমো ফিলিবেকের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কে এবার নয়া মোড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে জিয়াকোমো ফিলিবেক যে মন্তব্য করেছিলেন, তার কড়া জবাব দিয়ে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থার পাশে দাঁড়ালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের নেত্রী তথা সে দেশের লেজিসলেটর ডেবোরা বার্গামিনি।

জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইটালি সরকারের শরিক ফোরজা ইটালিয়া দলের জনপ্রতিনিধি হলেন ডেবোরা বার্গামিনি। মেলোনির আমলে ভারত এবং ইটালির দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত। তার মধ্যে পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস-এর সেক্রেটারি জেনারেল জিয়াকোমো ফিলিবেকের মন্তব্যে অস্বস্তি বেড়েছে ইটালির রাজনৈতিক মহলে। এই আবহে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়ে ডেবোরা বার্গামিনি স্পষ্ট ভাষায় ফিলিবেকের মন্তব্যের বিরোধিতা করে লিখেছেন, ‘ভারতের নিজস্ব রাজনৈতিক সংস্থা রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। কোনও সমস্যা দেখা দিলে গণতান্ত্রিক নিয়ম মেনেই তা সমাধান করা উচিত। আমরা ইউরোপীয়রা ভারতকে গণতন্ত্র নিয়ে জ্ঞান দিতে পারি না কারণ ভারতে ৯৭ কোটি নাগরিক ভোট দেন।’ অর্থাৎ নাম না করে একদিকে যেমন ফিলিবেককে তোপ দেগেছেন, তেমনি কংগ্রেসের অনুষ্ঠানটির দিকেও আঙুল তুলেছেন ডেবোরা। মনে করিয়ে দিয়েছেন, গণতান্ত্রিক উপায়েই সমস্যা মেটানো দরকার।
ঘটনার সূত্রপাত
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে তেলাঙ্গানার হায়দরাবাদে কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সামিট’ থেকে। সেখানে ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’ (পিইএস)-এর সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। মঞ্চে দাঁড়িয়ে ফিলিবেক বলেছিলেন, 'রাহুল গান্ধী ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মতো গণতন্ত্রের মূল নীতি রক্ষার লড়াই চালাচ্ছেন। মাত্র দু’সপ্তাহ আগে দিল্লির রামলীলা ময়দানে তাঁর সঙ্গে হাজার হাজার মানুষের মিছিল প্রমাণ করে যে গণতন্ত্র এমনি এমনি পাওয়া যায় না, একে রক্ষা করতে হয়। ভোট চোর, গদ্দি ছোড়।' এমনকী ইংরেজিতেও স্লোগানটির তর্জমা করে তিনি বলেছিলেন, 'ভোট চোর, আসন ছাড়ো।' ভারতে গণতন্ত্র আক্রান্ত এবং তা বাঁচাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের পাশে দাঁড়ানো জরুরি বলেও মন্তব্য করেছিলেন তিনি।
ফিলিবেকের এই বক্তব্য এবং সেই সময় মঞ্চে রাহুল গান্ধীর হাসিমুখে হাততালি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু-কেন্দ্রীয় মন্ত্রীরা একযোগে সরব হয়েছেন। তাঁদের তোপ, ভারতের মাটিতে দাঁড়িয়ে এক বিদেশি নাগরিক ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, ভারতের বদনাম করছেন কিন্তু রাহুল গান্ধী সেই কথার প্রতিবাদ করেননি। বরং ওই কথা শুনে হেসেছেন। কেন দেশের বদনাম সহ্য করেছেন রাহুল, এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। কিন্তু ফিলিবেকের বিষয়ে কিছু বলা হয়নি দলের তরফে।
E-Paper

