Jaishankar on China Border: চিন সীমান্ত এখন আরও ‘সক্রিয়’, সেনা মোতায়েনের ক্ষমতা বেড়েছে ভারতের: জয়শঙ্কর

২০২০ সালের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। চিনের তরফেও হতাহতের ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কও তলানিতে পৌঁছয়।

Published on: Nov 14, 2026, 11:44:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে ভারত-চিন সীমান্ত। একই সঙ্গে সীমান্তে সেনা মোতায়েন এবং দীর্ঘ সময় ধরে বাহিনীকে সেখানে রাখার ক্ষমতাও উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে ভারত। শনিবার এমনই দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য, এক দশক আগেও সীমান্ত পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে। বিশেষ করে গালওয়ান সংঘর্ষের পর সীমান্তে পরিকাঠামো ও সামরিক প্রস্তুতি বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছে নয়াদিল্লি।

**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Nov. 5, 2026, EAM S. Jaishankar during an interaction with the Indian community in Antigua and Barbuda. (@DrSJaishankar/X via PTI Photo) (PTI11_05_2026_000125B) (@DrSJaishankar)
**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Nov. 5, 2026, EAM S. Jaishankar during an interaction with the Indian community in Antigua and Barbuda. (@DrSJaishankar/X via PTI Photo) (PTI11_05_2026_000125B) (@DrSJaishankar)

শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের ২৪তম লিডারশিপ সামিট ২০২৬-এ যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। বিদেশমন্ত্রীর কথায়, চিন সীমান্ত এখন আগের তুলনায় অনেক বেশি ‘সক্রিয়’। সীমান্তে সেনা মোতায়েন করার ক্ষেত্রে ভারতের সক্ষমতা বেড়েছে। শুধু বাহিনী পাঠানোই নয়, দীর্ঘ সময় ধরে দুর্গম এলাকায় সেনাদের ধরে রাখার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

জয়শঙ্কর বলেন, “সীমান্তে নিজেদের অবস্থান ধরে রাখা এবং সেখানে বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা অনেকটাই বেড়েছে। এই উন্নতি অত্যন্ত উল্লেখযোগ্য।” তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই চিনের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে।

গালওয়ানের পর বদলেছে পরিস্থিতি

২০২০ সালের ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। চিনের তরফেও হতাহতের ঘটনা ঘটে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কও তলানিতে পৌঁছয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর দুই দেশই সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বাড়ায়। একাধিক এলাকায় তৈরি হয় উত্তেজনা।

এই পরিস্থিতিতে সীমান্তে পরিকাঠামো উন্নয়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছে ভারত। জয়শঙ্কর জানিয়েছেন, প্রায় এক দশক আগেও সীমান্তের পরিকাঠামো অবহেলিত ছিল। দুর্গম এলাকায় সেনা পৌঁছনো, অস্ত্র ও রসদ সরবরাহ এবং দ্রুত বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে নানা সমস্যা ছিল। এখন সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে।

সড়ক, সেতু এবং সুড়ঙ্গ নির্মাণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রায় ৪,৫৯৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। ফলে দুর্গম এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছে দেওয়া অনেক সহজ হয়েছে।

চিনের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল ভারত?

সামিটে চিনের অর্থনৈতিক অগ্রগতি নিয়েও মন্তব্য করেন বিদেশমন্ত্রী। তাঁর দাবি, ১৯৮০-র দশকে ভারত ও চিনের অর্থনীতির আকার প্রায় একই ছিল। কিন্তু সেই সময় থেকেই চিন দ্রুত আধুনিকীকরণ ও শিল্পায়নের পথে এগিয়ে যায়। অন্য দিকে, ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

১৯৮৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চিন সফরে গিয়েছিলেন। সেই সময় দু'দেশের অর্থনীতির আকার প্রায় সমান ছিল বলে উল্লেখ করেন জয়শঙ্কর। তাঁর কথায়, “চিন ১৯৮০-র দশকে আধুনিকীকরণ ও শিল্পায়নের দিকে বড় পদক্ষেপ করেছিল। দুর্ভাগ্যজনক ভাবে ভারত সেই সময় সুযোগ হারিয়েছিল।”

বিদেশমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, চিনের সঙ্গে প্রতিযোগিতায় সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রেও সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছে নয়াদিল্লি। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে দেপসাং ও ডেমচক এলাকায় টহলদারির ব্যবস্থা নিয়ে ভারত ও চিনের মধ্যে সমঝোতা হয়েছিল। তার ফলে ২০২০ সালের সংঘাত থেকে তৈরি হওয়া কয়েকটি অচলাবস্থা কাটানোর পথ তৈরি হয়। তবে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান এখনও হয়নি। এই পরিস্থিতিতে সীমান্তে সামরিক প্রস্তুতি ও পরিকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More