JD Vance Talks with Pakistan: ইরান নিয়ে ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারির আগেই পাকিস্তানের সঙ্গে ফোনে কথা ভান্সের
ট্রাম্পের নির্দেশে ভান্স ব্যক্তিগতভাবে পাকিস্তানের মাধ্যমে ইরানকে বার্তা দেন, আমেরিকার কিছু দাবি পূরণ হলে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।
ইরান যুদ্ধ নিয়ে আজ মার্কিনিদের উদ্দেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানা গেছে, ট্রাম্পের এই ভাষণের একদিন আগে, মঙ্গলবার পাকিস্তানের সঙ্গে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বলা হচ্ছে, পাকিস্তানের মাধ্যমে ইরানকে কড়া বার্তা দেন ভান্স। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন ভান্স। সূত্র উদ্ধৃত করে বার্তা সংস্থাটি জানায়, ট্রাম্পের নির্দেশে ভান্স ব্যক্তিগতভাবে পাকিস্তানের মাধ্যমে ইরানকে বার্তা দেন, আমেরিকার কিছু দাবি পূরণ হলে প্রেসিডেন্ট যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

রিপোর্ট অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট নাকি ইরানকে বার্তা দিয়েছেন যে ট্রাম্প আর অপেক্ষা করতে পারবেন না। তেহরান আমেরিকার প্রস্তাবিত চুক্তিতে সম্মত না হলে তাদের পরিকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকবে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, ইরান নাকি ট্রাম্পের বদলে ভান্সের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আবার সম্প্রতি ইরান দাবি করেছে, পাকিস্তানকে তারা মধ্যস্থতাকারী হিসেবে মানে না। পাকিস্তানের সঙ্গে ভান্সের কথোপকথনে আবার জল্পনা বেড়েছে। দীর্ঘদিন ধরে জল্পনা চলছে, পাকিস্তান দিয়ে কি ইরানের মাটিতে কি পা রাখবে আমেরিকা। এরই সঙ্গে ট্রাম্প যে ভাষায় আজ হুঁশিয়ারি দিয়েছেন, তাতে ভান্স-পাকিস্তান ফোনালাপ নিয়ে জল্পনা তৈরি হয়েছে কিছুটা।
এদিকে শীঘ্রই ইরান যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ২-৩ সপ্তাহে ইরানের ওপর আক্রমণ আরও তীব্র করারও বার্তা দিয়েছেন ট্রাম্প। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। তাদের সেখানেই থাকা উচিত।' ট্রাম্প বলেন, আমাদের সেনাবাহিনীর পারফরম্যান্স অসাধারণ।' তিনি বলেন, 'ইতিহাসে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি। সবাই এটা নিয়ে কথা বলছে। আমরা আমাদের কৌশলগত উদ্দেশ্যগুলি প্রায় অর্জন করে ফেলেছি।'
একইসঙ্গে নিজের ভাষণে ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই দেশগুলো আমেরিকার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কোনও ক্ষতি হতে দেবে না। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'মধ্যপ্রাচ্যে আমাদের সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই আমি। ইজরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন... তারা খুব ভালো এবং আমরা তাদের ক্ষতি হতে দেব না। তাদের ব্যর্থও হতে দেবে না।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


