পুলিশের লাঠিচার্জ, জলকামানে নাচ! প্রশ্নফাঁস কাণ্ডে পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে উত্তাল ঝাড়খণ্ড
Jharkhand Protest: ১৬ দিন ধরে চলা এই আন্দোলনের অন্যতম কর্মসূচি হিসেবে সোমবার সকালে ট্রেন, বাস ও নিজস্ব গাড়িতে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পরীক্ষার্থী রাঁচিতে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
Jharkhand Protest: সোমবার ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস (Jharkhand paper leak protest) এবং দুর্নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা রাঁচিতে জমায়েত করে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন। আর সেই ঘেরাও অভিযানে হাজার হাজার আন্দোলনকারীদের উপর ব্যাপক লাঠিচার্জ ও জলকামান চালাল পুলিশ। এই পরিস্থিতিতে পিছু হটা তো দূর, জলের ধারার সামনেই আনন্দে নাচতে শুরু করলেন ক্ষুব্ধ আন্দোলনকারীরা। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অভিযানে এমনই বেনজির দৃশ্য দেখা গেল।

১৬ দিন ধরে চলা এই আন্দোলনের অন্যতম কর্মসূচি হিসেবে সোমবার সকালে ট্রেন, বাস ও নিজস্ব গাড়িতে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পরীক্ষার্থী রাঁচিতে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। প্রধান রাস্তা ও সীমানায় তল্লাশি চালানো হয়, বন্ধ রাখা হয় শহরের অধিকাংশ স্কুল। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আন্দোলনকারীরা বিধানসভার দিকে এগোলে তৈরি হয় তীব্র উত্তেজনা। অভিযানের জন্য পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে বিধানসভার দিকে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপরেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। ওয়াটার ক্যানন ব্যবহার করে আন্দোলন ছত্রভঙ্গ করার চেষ্টাও চালায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে তাতে দমে যাননি আন্দোলনকারীরা। সূত্রের খবর, আধ ঘণ্টা মিছিল চলার পরে বিধানসভা কমপ্লেক্স থেকে তিন কিলোমিটার দূরে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। সেখানেই তাঁরা বসে পড়েন। তাঁদের সঙ্গে অ্যাম্বুল্যান্সে চেপে এসে যোগ দেন অনশনকারী ছাত্র দেবেন্দ্র মাহাতো। গত আট দিন ধরে অনশন করছেন তিনি। এর পরে ব্যারিকেড ভেঙে আবার এগোনোর চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে। ঝাড়খণ্ডে গত ১৬ দিন ধরে চলছে পড়ুয়াদের আন্দোলন। রবিবার সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের মধ্যে ছিল ষষ্ঠ দফার বৈঠক। তবে তাও শেষমেশ ব্যর্থ হয় বলে আন্দোলনকারীদের দাবি। অভিযোগ, পড়ুয়াদের মূল দাবি, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-র নিয়োগ পরীক্ষার অনিয়মের জন্য সিবিআই তদন্ত করতে হবে। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে, গতকালের বৈঠকে তারা আন্দোলনকারীদের '৯৮ শতাংশ' দাবি মেনে নিয়েছে। দাবি মেনে তিনটি বিতর্কিত পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পড়ুয়াদের অনড় মনোভাবের কারণে কোনও পুরোপুরি সমঝোতা হয়নি দুই পক্ষের মধ্যে।
তার পরেই আন্দোলনকারীরা সোমবার পুরোনো বিধানসভা থেকে নতুন বিধানসভা পর্যন্ত মিছিলের ডাক দেন। শান্তিপূর্ণভাবে সেই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান ঝাড়খণ্ডের সব জেলার শিক্ষার্থী ও অভিভাবকদের। সেই অনুযায়ী এদিন হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মুখে স্লোগান দিতে দিতে এগোতে থাকেন তাঁরা। কিন্তু তাঁদের অভিযোগ, পথে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আন্দোলনকারীদের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান স্পষ্ট জানান, সিবিআই (CBI) তদন্ত না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। এখনও ছয়জন আন্দোলনকারী অনশন চালিয়ে যাচ্ছেন। অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো আন্দোলনকারীদের শান্ত থেকে এবং পুলিশের সঙ্গে সংঘাত এড়িয়ে নতুন পথ খুঁজে এগিয়ে যাওয়ার আবেদন জানান। এদিকে, ঝাড়খণ্ড বিধানসভার ভিতরে ও বাইরে রাজনৈতিক চাপানউতরও তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এর আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা দিয়েছেন। পাশাপাশি, বিজেপির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। আবার রবিবার লাগাতার দুর্নীতির অভিযোগের মুখে পড়ে জেপিএসসি-র তিন সদস্য পদত্যাগ করেন। গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন কমিশনের চেয়ারপার্সন এল খিয়াংতেও।
E-Paper

