Mamata Banerjee led TMC: নির্বাচন কমিশনে নথির লড়াই! 'আসল' তৃণমূল প্রমাণে ঋত শিবিরের ৬ ট্রাকের পাল্টা মমতার ২ ট্রাক

Mamata Banerjee led TMC: দিল্লির নির্বাচন সদনে জমা দেওয়া হলফনামায় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদের স্বাক্ষর রয়েছে।

Published on: Nov 15, 2026, 20:30:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Mamata Banerjee led TMC: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আসল নিয়ন্ত্রক কে, সেই প্রশ্নে নির্বাচন কমিশনে নিজেদের দাবির পক্ষে নথি পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। সূত্রের খবর অনুযায়ী, রবিবারই প্রায় দুই ট্রাকবোঝাই প্রমাণপত্র নিয়ে নির্বাচন সদনে পৌঁছেছেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), দোলা সেন এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা বিপুল পরিমাণ হলফনামা জমা দিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের হাতে যে হলফনামা ছিল, তাতে ভুয়ো সই আছে বলেও দাবি করেছেন শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেন, 'আমাদের সব কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।' সাংসদ, বিধায়কদের সই আছে বলেও জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (সৌজন্যে এক্স )
মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (সৌজন্যে এক্স )

জানা গেছে, দিল্লির নির্বাচন সদনে জমা দেওয়া হলফনামায় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদের স্বাক্ষর রয়েছে। মমতার তৃণমূলকেই ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে হলফনামায় সই করেছেন মোট ৩৮ জন বিধায়কও। তাঁদের মধ্যে ৩২ জন এই রাজ্যের, পাঁচ জন মেঘালয়ের আর একজন অসমের। কমিশনের দফতরের বাইরে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নথিবোঝাই আরও একটি ট্রাক খুব শীঘ্রই দিল্লি পৌঁছোবে। শ্রীরামপুরের সাংসদ বলেন, 'আমরা আসল হলফনামা জমা দিয়েছি। হলফনামার হার্ডকপি এবং সফ্‌টকপি দু’টোই জমা করা হয়েছে। এগুলি সব প্রকাশ করব। ঠিক সময়ে হলফনামার কপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর আইনজীবীকেও পাঠিয়ে দেব।' তবে এনসিপিআইতে যোগ দেওয়া কেউ স্বাক্ষর করেননি বলেও জানিয়েছেন তিনি। মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল নেতার সংযোজন, 'আমরা ওদেরকেও (গণতান্ত্রিক তৃণমূল) হলফনামার কপি দিয়ে দেব। যদিও এটা দেওয়ার পর শুভেন্দুর পুলিশ আর দলবল আমাদের লোকেদের উপর অত্যাচার করবে, গ্রেফতার করবে। তাতে আমরা ভয় পাই না।'

ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেসের ৮০ জন জিতে বিধায়ক হয়েছেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষোভ প্রকাশ করে আলাদা হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন একে একে ৬৩ জন। এখন তাঁদের সংখ্যা ৬৩! যদিও এর মধ্যেও কেউ কেউ সুর চড়াতে শুরু করেছেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করেন, তাঁরাই ‘আসল’ তৃণমূল। তবে শুধু বিধায়ক সংখ্যাতেই নয়, দলের রাশ হাতে নিতে গেলে সংগঠন এবং তহবিলও তাঁদের নিয়ন্ত্রণে থাকা দরকার। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তার প্রমাণ দিতে হবে। সেই মতো কমিশন দুই শিবিরের কাছে প্রমাণ চায়। এর আগে গত ৫ নভেম্বর নিজেদের 'আসল' তৃণমূল প্রমাণের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে ছয় ট্রাকবোঝাই লক্ষাধিক পৃষ্ঠার নথি জমা দিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী বিরোধী পক্ষের সেই নথির প্রতিলিপি কালীঘাট শিবিরের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, স্বাক্ষরকারীদের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপের আশঙ্কায় কালীঘাট শিবিরকে নথি দেওয়া সম্ভব নয় বলে ঋতব্রত গোষ্ঠী কমিশনকে জানিয়েছে বলে সূত্রের দাবি। এই বিতর্কের মধ্যেই এদিন দুই ট্রাক ভর্তি নথি জমা কালীঘাট তৃণমূলের।

সাংগঠনিক শক্তির যুক্তি

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবি, দলীয় সংবিধান মেনে যদি বিচার প্রক্রিয়া এগোয়, তবে প্রতিপক্ষের যুক্তি টিকবে না। তাদের বক্তব্য অনুযায়ী, তৃণমূলের সংবিধানে চেয়ারপার্সনের হাতেই মূল ক্ষমতা ন্যস্ত থাকে এবং ২০২৭ সাল পর্যন্ত চেয়ারপার্সন পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের ২২ সদস্যের জাতীয় কার্যকরী সমিতিতে বিরোধী শিবিরের কারও প্রতিনিধিত্ব নেই। এ ছাড়া অসম বা মেঘালয়ের মতো ভিনরাজ্যের সাংগঠনিক নেতৃত্বও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আদালতের সময়সীমা অনুযায়ী ঋতব্রত শিবিরের নথি জমা দেওয়ার দশ দিনের মধ্যে পাল্টা নথি দিতে হবে মমতা শিবিরকে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে কমিশন উভয় পক্ষকে শুনানির জন্য কবে তলব করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।