Rahul Gandhi: 'ভারত মাতা কি জয়!' পোশাক বিতর্কে কৃতির সমর্থনে রাহুলের ‘পিতৃতন্ত্র ভাঙার’ বার্তা, তোপ কঙ্গনার

Rahul Gandhi supports Kriti Sanon: একটি গয়নার সংস্থা রাখি উপলক্ষে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেই বিজ্ঞাপনে কৃতি স্যাননকে হাল্কা রঙের ছোট ব্রালেট পোশাক ও স্কার্টের সঙ্গে একটি আবরণ পরা অবস্থায় দেখা যায়। বিজ্ঞাপনে ভাইয়ের হাতে রাখি বাঁধার পাশাপাশি পোষ্য কুকুরকেও রাখি পরাতে দেখা যায় 'ককটেল ২'-র তারকাকে।

Published on: Aug 26, 2026, 23:13:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rahul Gandhi supports Kriti Sanon: রাখিবন্ধন উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কৃতি স্যাননের (Kriti Sanon) পোশাক নিয়ে বিতর্ক এবার গড়াল রাজনৈতিক তরজায়। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে মহিলাদের পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে প্রশ্ন না তোলার বার্তা দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘পিতৃতন্ত্র ভাঙার’ সেই মন্তব্যে পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (ANI, PTI)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (ANI, PTI)

সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জল এতটাই গড়িয়েছে যে বাধ্য হয়ে গয়না প্রস্তুতকারক ওই সংস্থা কৃতি শ্যাননের বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয়েছে। এদিকে, বিজেপির একটি পোস্ট শেয়ারের মাধ্যমে রাহুল গান্ধীকে নিশানা করেছেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির পোস্টে কংগ্রেস নেতার ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ বার্তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। কঙ্গনা সেই পোস্ট শেয়ার করে লেখেন, 'ব্রো, ওয়েট। ভারত মাতা কি জয়। শুরু করতে হ্যায়।' ওই পোস্টের একটি ছবিতে রাহুলকে পিতৃতন্ত্র ভাঙার কথা বলতে দেখা যায়। তার পরেই উঠে আসে তিন তালাক প্রসঙ্গ। বিজেপির বক্তব্য, সেখানে রাহুলের মন্তব্যকে ভোটব্যাঙ্ক রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে। পরের ছবিতে প্রশ্ন তোলা হয় মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে কংগ্রেসের পুরনো অবস্থান নিয়ে। আরও একটি ছবিতে শাহ বানো মামলার প্রসঙ্গও আনা হয়। বিজেপির পোস্টের শেষের দিকে কর্ণাটক মন্ত্রিসভায় মহিলাদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। ৩৩ সদস্যের মন্ত্রিসভায় একজনও মহিলা নেই, এমন দাবি তুলে রাহুল গান্ধীর প্রতিক্রিয়াকে ব্যঙ্গাত্মক ভাবে দেখানো হয়।

বিতর্কের সূত্রপাত

একটি গয়নার সংস্থা রাখি উপলক্ষে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেই বিজ্ঞাপনে কৃতি স্যাননকে হাল্কা রঙের ছোট ব্রালেট পোশাক ও স্কার্টের সঙ্গে একটি আবরণ পরা অবস্থায় দেখা যায়। বিজ্ঞাপনে ভাইয়ের হাতে রাখি বাঁধার পাশাপাশি পোষ্য কুকুরকেও রাখি পরাতে দেখা যায় 'ককটেল ২'-র তারকাকে। কৃতির পোশাক এবং বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপর বিষয়টি মহিলাদের পোশাক, সাংস্কৃতিক রীতি এবং উৎসবের সময়ে মহিলাদের কী ধরনের পোশাক পরা উচিত– তা নিয়ে আরও বড় বিতর্কের রূপ নেয়। কঙ্গনা এর আগে পোশাক নিয়ে আপত্তি তুলে প্রশ্ন করেছিলেন, রাখি বাঁধার সময় কেন এমন পোশাক বেছে নেওয়া হল। বিজেপি সাংসদ কৃতির পোশাকের সমালোচনা করে প্রশ্ন তোলেন, এত পোশাকের বিকল্প থাকার পরও কেউ কেন ‘বিকিনি’ পরে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন। তিনি বিজ্ঞাপনটিকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন।

মঙ্গলবার সমালোচনার জবাব দেন কৃতি স্যানন। মহিলাদের সংস্কৃতি ও ঐতিহ্য মেনে চলার বিষয়টি কেন এখনও তাঁদের পোশাকের মাধ্যমে বিচার করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, 'আমরা কবে মহিলাদের বলে দেওয়া বন্ধ করব যে তাদের কী পরা উচিত?' তিনি আরও বলেন, সময়ের সঙ্গে ঐতিহ্যবাহী ফ্যাশনের পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও একজন মহিলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা কেবল তার পোশাক দিয়েই বিচার করা হয়। তাঁর মতে, সংস্কৃতি ও ঐতিহ্য একজন নারীর হৃদয়ে থাকে, তার পোশাকের গলার কাটে নয়। কৃতির বোন নূপুর স্যাননও কঙ্গনার মন্তব্যের তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় কৃতি স্যাননের সমালোচনার জবাবটি তুলে ধরেন। পাশাপাশি, মহিলাদের পোশাক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে সমাজমাধ্যমে নজরদারির সমালোচনা করেন তিনি। কংগ্রেস সাংসদ লেখেন, ‘একজন মহিলা কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন-সেটা তাঁর নিজের পছন্দ। নিজের স্বাধীনতা প্রয়োগ করার জন্য মহিলাদের কটাক্ষ করা বন্ধ করুন।’ এই লেখাতেই রাহুল ব্যবহার করেন ‘Smash the Patriarchy’ হ্যাশট্যাগ।

গয়না প্রস্তুতকারী সংস্থার বিবৃতি

গয়না প্রস্তুতকারক সংস্থা তাদের বিবৃতিতে বলেছে, 'ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে আমরা বরাবরই পরিবারের সকলের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো উদযাপনে বিশ্বাসী। আর এবার আমরা সেই ভালোবাসা ও উদযাপনের অংশীদার করতে চেয়েছিলাম আমাদের পোষ্যদেরও। তাই আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কোনও অংশের অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, তবে সেটা মোটেও আমাদের উদ্দেশ্য ছিল না। শ্রদ্ধাবশত আমরা সব সোশাল প্ল্যাটফর্ম থেকে ওই বিজ্ঞাপনটি তুলে নিচ্ছি। এই উৎসবের মরসুমে আপনাদের সবার জন্য রইল ভালোবাসা ও শুভকামনা!'