UP Elections 2027: ২০২৭-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন? জল্পনার মধ্যেই ইঙ্গিতবাহী বার্তা উপ-মুখ্যমন্ত্রী মৌর্যের
UP Elections 2027: একই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেছিলেন, 'প্রত্যেককে পদ্ম প্রতীকেই লড়তে হবে। আমি নিজেও পদ্ম প্রতীকেই লড়াই করব। আমাদের কাছে পদ্মফুলই সবকিছু। কে কী এবং কে কী নয়, তা সকলেরই জানা।'
UP Elections 2027: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। একটি অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান, আসন্ন নির্বাচনের পর দলের প্রচলিত রীতি মেনেই বিজেপি বিধায়করা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেবেন। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হতে পারেন, অথবা অন্য কেউও হতে পারেন।

যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার ক্ষেত্রে তাঁর দ্বিধা রয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে কেশব প্রসাদ মৌর্য দাবি করেন, তেমন কোনও বিষয় নেই। এপিবি নিউজ-এর কনক্লেভে যোগী আদিত্যনাথ প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী... একবার পদ্ম ফুটলে ফের বিজেপির মুখ্যমন্ত্রীই আসবেন। তবে ঠিক কে সেই বিজেপি মুখ্যমন্ত্রী হবেন, তা নির্বাচনের পরই ঠিক হবে।' এর আগে ওই একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে প্রশ্ন করা হলে যোগী আদিত্যনাথ বলেছিলেন, 'প্রত্যেককে পদ্ম প্রতীকেই লড়তে হবে। আমি নিজেও পদ্ম প্রতীকেই লড়াই করব। আমাদের কাছে পদ্মফুলই সবকিছু। কে কী এবং কে কী নয়, তা সকলেরই জানা।' যোগীর সাফ কথা, তিনি নিজে এবং বিজেপির সমস্ত প্রার্থীই 'পদ্মে'র হয়ে লড়াই করবেন এবং তাঁদের কাছে দলের এই প্রতীকই সর্বোচ্চ। যোগীর এই মন্তব্যের পরই মৌর্যের এই প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর কখনোই কোনও মতবিরোধ ছিল না বলেও স্পষ্ট করেন মৌর্য। তিনি বলেন, বিজেপি প্রতিটি রাজ্যে আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না। দল পদ্ম প্রতীক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং সরকারের কাজের খতিয়ানের ওপর ভিত্তি করে নির্বাচনে লড়াই করে। কেশব প্রসাদ মৌর্যের কথায়, 'ভোটের পর নির্বাচিত বিধায়করা দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংসদীয় বোর্ডের সঙ্গে পরামর্শ করে ঠিক করেন যে মুখ্যমন্ত্রী কে হবেন।' তিনি উল্লেখ করেছেন, ২০২৩ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল—যেখানে বিজেপি আগে থেকে কোনও মুখ সামনে রাখেনি এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মুখ্যমন্ত্রী নির্বাচন করেছিল।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিজেপির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথ। অন্যদিকে, কুশওয়াহা-মৌর্য সম্প্রদায়ের অন্যতম অনগ্রসর শ্রেণি (OBC) নেতা কেশব প্রসাদ মৌর্য ২০১৭ সাল থেকে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
E-Paper
