...
...
Next Story

Kolkata LPG Price Hike: উৎসবের মুখে বড় ধাক্কা, ৭১.৫০ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতায় কত হল গ্যাসের দাম?

উৎসবের মরসুম শুরু হওয়ার মুখেই গ্যাসের দামে ধাক্কা। তবে স্বস্তির কথা, এই দফায় বাড়ির রান্নার ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বদলায়নি। দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের।

Published on: Oct 1, 2026, 08:08:48 IST
Advertisement

Kolkata LPG Price Hike from 1st October: উৎসবের মরসুম শুরু হওয়ার মুখেই গ্যাসের দামে ধাক্কা। তবে স্বস্তির কথা, এই দফায় বাড়ির রান্নার ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বদলায়নি। দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের। ১ অক্টোবর থেকে দেশের বিভিন্ন শহরে এই সিলিন্ডারের দাম ৬২.৫০ টাকা থেকে ৭১.৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান, ক্যাটারিং এবং নানা ছোট ব্যবসার খরচে এর প্রভাব পড়তে পারে।

A-delivery-man-carrying-LPG-cylinders-at-Kitchlu-Nagar-in-Ludhiana-on-Wednesday-JS-Grewal-HT (HT_PRINT)
A-delivery-man-carrying-LPG-cylinders-at-Kitchlu-Nagar-in-Ludhiana-on-Wednesday-JS-Grewal-HT (HT_PRINT)

দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেপ্টেম্বর মাসে ছিল ২৭৪৭.৫০ টাকা। অক্টোবরের শুরুতেই তা ৬২.৫০ টাকা বেড়ে হয়েছে ২৮১০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। পাটনায় এই বৃদ্ধি আরও বেশি। সেখানে ১৯ কেজির সিলিন্ডার ৭১.৫০ টাকা বেড়ে হয়েছে ৩১০০.৫০ টাকা। সেপ্টেম্বর মাসে দাম ছিল ৩০২৯ টাকা। এদিকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বাড়ছে। ফলে ১ অক্টোবর থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২৯৫৪ টাকা। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার আগের মতোই ৯৬৮ টাকা থাকবে।

মুম্বইয়েও বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ৬৩ টাকা। ২৭০১ টাকা থেকে তা এখন হয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে সেপ্টেম্বরের ২৯১৬.৫০ টাকা থেকে দাম বেড়ে হয়েছে ২৯৮৩ টাকা। লখনউয়ে ২৮৭০ টাকা থেকে বেড়ে নতুন দাম ২৯৩২.৫০ টাকা। অর্থাৎ সেখানে এক ধাক্কায় ৬২.৫০ টাকা বেশি দিতে হবে ব্যবসায়ীদের।

তবে গৃহস্থদের জন্য আপাতত নতুন কোনও চাপ নেই। দিল্লিতে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। মুম্বইয়ে তা ৯৪১.৫০ টাকা। পাটনায় ঘরোয়া সিলিন্ডারের দাম ১০৩১.৫০ টাকা। লখনউয়ে ৯৭৯.৫০ টাকা এবং আহমেদাবাদে ৯৪৯ টাকা। কন্যাকুমারীতে ঘরোয়া সিলিন্ডারের দাম ১০২৬ টাকা এবং তাওয়াংয়ে ১০০৭.৫০ টাকা। এই দফায় এই দামে কোনও পরিবর্তন করা হয়নি।

প্রশ্ন উঠছে, বাণিজ্যিক গ্যাসের দাম কেন বাড়ল? ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠা নামা এবং বৈদেশিক মুদ্রার দরের মতো বিষয় বাণিজ্যিক এলপিজির দাম নির্ধারণে প্রভাব ফেলে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের গড় দামের সঙ্গে মুদ্রার দর বিবেচনা করে দাম ঠিক করে। ফলে আন্তর্জাতিক বাজারে খরচ বাড়লে দেশের বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়তে পারে।

অন্যদিকে ঘরোয়া এলপিজির ক্ষেত্রে ব্যবস্থা কিছুটা আলাদা। সাধারণ মানুষের উপর একসঙ্গে বড় চাপ না ফেলতে সরকার প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ঘরোয়া গ্যাসের দাম স্থির রাখার নির্দেশ দিতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও ঘরোয়া সিলিন্ডারের দাম একই হারে বাড়বে, এমন কোনও নিয়ম নেই।

আর ভর্তুকির ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে। কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যোগ্য গ্রাহকদের জন্য ১৪.২ কেজির সিলিন্ডারে প্রতি রিফিলে ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকির ব্যবস্থা রয়েছে, বছরে সর্বোচ্চ ১২টি রিফিল পর্যন্ত। ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া গ্রাহকদের ক্ষেত্রে আপাতত সরাসরি কোনও মূল্যবৃদ্ধি হয়নি। তবে উৎসবের সময়ে খাবারের দোকান থেকে রেস্তোরাঁ, ক্যাটারিং থেকে ছোট ব্যবসা, বাণিজ্যিক গ্যাসের বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্যের দামে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks