LPG Gas Booking New Rule amid Iran War: ইরান যুদ্ধের আঁচ এসে পড়ল হেঁশেলে, এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নয়া নির্দেশিকা জারি

রিপোর্টে দাবি করা হল, বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। জানা গিয়েছে, এবার একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে।

Published on: Mar 07, 2026 7:41 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধের আবহে গোটা বিশ্বে জ্বালানির সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও এই যুদ্ধের প্রভাব পড়ল জনসাধারণের হেঁশেলে। এহেন পরিস্থিতিতে আপাতত আগামী কয়েকদিনের জন্য এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছিল। এবার অপর এক রিপোর্টে দাবি করা হল, বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। জানা গিয়েছে, এবার একটি সিলিন্ডার বুকিংয়ের ২১ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে।

বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। (REUTERS)
বাড়ির রান্নার গ্যাস বুকিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রক। (REUTERS)

এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান অয়েলের কাছে প্রায় ১০ দিনের গ্যাসের স্টক রয়েছে। তবে হিন্দুস্তান পেট্রোলিয়ামের বাণিজ্যিক গ্যাস বিক্রির উপর এখনই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে আপাতত কোনও গ্রাহককে এলপিজি-র ডবল সিলিন্ডারের সংযোগ না দেওয়ার জন্য ডিস্ট্রিবিউটরদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে জ্বালানি সংস্থাগুলি।

উল্লেখ্য, ভারত মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ আমদানি করে। এর অধিকাংশই উপসাগরীয় দেশগুলি থেকে আসে। এদিকে রিপোর্ট অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো জ্বালানি ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে জ্বালানির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গ্যাস ছাড়াও ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি হরমুজ প্রণালী থেকে আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট। এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব।

এদিকে ভারতকে আপাতত রাশিয়ার থেকে তেল কেনার জন্য একমাসের 'ছাড়' দিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানির দাম বাড়বে না বলেই আশা করা হচ্ছে। আগেই রাশিয়া জানিয়েছে, তারা ভারতে তেল পাঠাতে প্রস্তুত। ভারতীয় জলসীমায় অ-রাশিয়ান জাহাজে প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে তা ভারতে পৌঁছাতে পারে। একটি সূত্র সরাসরি রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। এই সব অ-রাশিয়ান কার্গোগুলি ঠিক কোথায় যাচ্ছে তা অবশ্য বলতে অস্বীকার করেছেন সেই সূত্র।

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় এখনও পর্যন্ত একাধিক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১ মার্চ ওমানের খসব বন্দরে এমটি স্কাইলাইট নামক তেলের ট্যাঙ্কারে হামলার জেরে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন আশিস কুমার এবং অয়লার পদে থাকা দিলীপ সিং। এদিকে ওমানের মাস্কাটের থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকা এমকেডি ব্যোম নামক ট্যাঙ্কারে হামলা করা হলে প্রাণ হারান অয়লার দিক্ষীত অমৃতলাল সোলাঙ্কি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More