Mahananda Express derailed: ফের বড়সড় রেল দুর্ঘটনা! লাইনচ্যুত আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস, বিহারে শোরগোল
Mahananda Express derailed: রবিবার ভোর ৪টে ১২ মিনিটে আরা স্টেশনে পৌঁছোয় মহানন্দা এক্সপ্রেস। সেটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে ২০০ মিটার যেতেই ইঞ্জিন এবং দু’টি কামরা লাইনচ্যুত হয়।
Mahananda Express derailed: উৎসবের মরসুমে বড়সড় রেল দুর্ঘটনা (Train Accident)। বিহারে লাইনচ্যুত হল আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩) (Alipurduar Delhi Mahananda Express)। রবিবার সকালে ভোজপুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-দানাপুর রেল বিভাগে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন এবং আরও দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে ট্রেনের যাত্রী এবং স্থানীয়েরা দাবি করেছেন। ঘটনাকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্ঘটনার কবলে মহানন্দা এক্সপ্রেস
রেল সূত্রে খবর, রবিবার ভোর ৪টে ১২ মিনিটে আরা স্টেশনে পৌঁছোয় মহানন্দা এক্সপ্রেস। সেটি ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে ২০০ মিটার যেতেই ইঞ্জিন এবং দু’টি কামরা লাইনচ্যুত হয়। সূত্রের খবর, ট্রেনটি দিল্লি যাওয়ার লাইন না ধরে সাসারাম যাওয়ার লাইনে উঠে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই দানাপুর রেলওয়ে বিভাগের ডিআরএম বিনোদ কুমার আরা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছন। দানাপুর রেলওয়ে বিভাগের সিনিয়র রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অফিসাররা তাঁর সঙ্গে ছিলেন এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রাথমিক ভাবে ভুল সিগন্যালের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ইঞ্জিন, এসএলআর এবং এইচ ১ কামরা লাইনচ্যুত হয়।
আরা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার এন.কে. রাই জানান, 'দান স্টেশনে একটি ঘটনা ঘটে যখন মহানন্দা এক্সপ্রেস সাসারাম লাইনের দিকে এগোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে একটি সংরক্ষিত যানবাহন ব্যবস্থা করি এবং বাড়ি থেকে বের হই। যখন আমি ঘটনাস্থলে পৌঁছাই, দেখি দুটি ওয়াগন ট্র্যাক থেকে নেমে গিয়েছে।’ তাঁর দাবি, ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে ঘটল এই ঘটনা, তদন্তের পরই তা নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনার জেরে আরা স্টেশনের ম্যানেজার এন কে রাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর কথায়, ‘এতে আমার কোনও দোষ নেই। আমার মতে চালকের কোনও গাফিলতি ছিল।’ অন্যদিকে চিফ পাবলিক রিলেশনস অফিসার, পূর্ব মধ্য রেলওয়ে (হাজিপুর) সরস্বতী চন্দ্র বলেন, এই ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি। লাইনচ্যুত কামরাগুলিকে সরানো হয়েছে। এই ঘটনায় কারও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে।
দিল্লি-হাওড়া রুটে বিঘ্ন
মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে দিল্লি-হাওড়া প্রধান রেলপথে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেস এবং ক্যাপিটাল এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন দেরিতে চলছে। এছাড়াও, ইন্টারসিটি, গরিব রথ, প্যাসেঞ্জার এবং উধনা এক্সপ্রেস-সহ আরও বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে। যদিও রেল সূত্রে জানানো হয়েছে, ভোর ৪টের সময় এ ঘটনা ঘটে। তার পর সাড়ে তিন ঘণ্টার মধ্যে রেললাইন মেরামত করে লাইনচ্যুত ইঞ্জিন এবং কামরাগুলিকে সরিয়ে দেওয়া হয়।
E-Paper

