Tiger Shroff: ‘মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না’, আহত টাইগার শ্রফের সঙ্গে দেখা করে কড়া হুঁশিয়ারি একনাথ শিন্ডের

ঘটনার পরেই অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” শহরে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

Published on: Oct 19, 2026, 08:15:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ে। রবিবার সন্ধ্যায় জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচেন টাইগার। তবে গুলির আঘাতে আহত হয়েছেন তাঁর গাড়ির চালক-সহ দু’জন। ঘটনার পরেই অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” শহরে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

ঘটনার পরেই অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
ঘটনার পরেই অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

ফুটবল খেলে ফেরার সময় হামলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ মুম্বইয়ের জুহু এলাকার পুষ্প নার্সি পার্কের কাছে এই ঘটনা ঘটে। ফুটবল খেলা শেষ করে গাড়িতে উঠছিলেন টাইগার। সেই সময় একটি মোটরবাইকে করে তিন জন সেখানে আসে। এর পরেই অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। মোট পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল আততায়ীরা বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

গুলি টাইগারের গায়ে লাগেনি। তবে তাঁর চালক ফিরদৌসের বাঁ হাতে গুলি লাগে। উমেশ চবন নামে আরও এক ব্যক্তি গুলিতে আহত হন। তিনি অভিনেতাকে দেখতে সেখানে এসেছিলেন বলে জানা গিয়েছে। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা আপাতত আশঙ্কাজনক নয় বলে পুলিশ জানিয়েছে।

গুলি চালানোর পর মোটরবাইকে চেপে পালিয়ে যায় আততায়ীরা। ঘটনার পরেই এলাকায় তল্লাশি শুরু করে মুম্বই পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, টাইগারের গতিবিধি আগে থেকেই নজরে রেখেছিল আততায়ীরা। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

আহত টাইগারের সঙ্গে দেখা শিন্ডের

রবিবার রাতে টাইগারের বাড়িতে যান একনাথ শিন্ডে। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সোমবার সকালে প্রকাশিত ছবিতে টাইগারের ডান হাতে ব্যান্ডেজ এবং বুক ও কাঁধে চিকিৎসার জন্য লাগানো ড্রেসিং দেখা গিয়েছে। শিন্ডে জানিয়েছেন, গুলি চালানোর সময় বারুদের প্রভাব এবং কাচের টুকরোর আঘাতে অভিনেতার হাতে চোট লেগেছে। ঘটনায় টাইগার এবং তাঁর মা দু’জনেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি।

অভিনেতার পরিবারকে আশ্বাস দিয়ে শিন্ডে বলেন, সরকার তাঁদের পাশে রয়েছে। কোনও ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নব্বইয়ের দশকে মুম্বইয়ে গ্যাংয়ের সংঘর্ষ প্রায়ই ঘটত। পরে মুম্বই পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে সেই দিনগুলি ফিরতে দেওয়া হবে না।

বলিউডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

টাইগারের উপর হামলার পর বলিউডের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা করেছে। সংগঠনের প্রশ্ন, মুম্বইয়ের মতো শহরে একজন অভিনেতা নিরাপদ না থাকলে সাধারণ মানুষ কতটা নিরাপদ?

এর আগে অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা এবং পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলির ঘটনার কথাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠছে।

এদিকে, হামলার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকতে পারে বলে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়েছে। তবে সেই দাবির সত্যতা এখনও যাচাই করেনি পুলিশ। হামলাকারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। আপাতত গোটা ঘটনার দিকে নজর রয়েছে মুম্বই পুলিশের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More