Maharashtra FDA: 'আগে নিজের খাওয়া উচিত...,' পান মশলা বিজ্ঞাপন বিতর্কে শাহরুখ-অজয়-টাইগারকে কড়া বার্তা FDA কমিশনারের
Maharashtra FDA: ঘটনার সূত্রপাত বিমল এলাইচি ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। ওই বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল তিন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে।
Maharashtra FDA: পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের জেরে শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফের বিরুদ্ধে নোটিস জারি করেছিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এবার এনডিটিভি-র যুব'র মঞ্চ থেকে তাঁদের নিয়ে আরও কড়া মন্তব্য করলেন মহারাষ্ট্র এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে।

ঘটনার সূত্রপাত বিমল এলাইচি ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। ওই বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল তিন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফকে। মহারাষ্ট্র এফডিএ-র অভিযোগ, বিজ্ঞাপনে এমনভাবে প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের কাছে পান মশলা নিয়ে ভুল ধারণা তৈরি করতে পারে। মহারাষ্ট্রে পান মশলা নিষিদ্ধ হওয়ায় এই বিজ্ঞাপনকে পরোক্ষ বা ‘সারোগেট’ প্রচার হিসেবে দেখা হচ্ছে বলে দাবি নিয়ন্ত্রক সংস্থার। সেই প্রসঙ্গ টেনেই এনডিটিভি-র অনুষ্ঠানে তুকারাম মুন্ধেকে প্রশ্ন করা হয়, যখন তিনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁর মাথায় কী চলছিল? জবাবে তিনি বলেন, 'চিন্তাভাবনাটা খুব সহজ। প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে এটা আমার দায়িত্বেরই ধারাবাহিকতা।'
এরপরই মহারাষ্ট্র এফডিএ কমিশনার তাঁর অত্যন্ত অপছন্দের বিষয় নিয়ে মুখ খোলেন, তোষামোদ এবং দ্বৈত নীতি। তিনি বলেন, 'আমি তোষামোদকারী হওয়াকে ঘৃণা করি। যে কারও ক্ষেত্রেই হোক। আমি তোষামোদ পছন্দ করি না। দ্বৈত নীতি, একাধিক মানদণ্ড, বহুরূপী আচরণ—এগুলো আমি পছন্দ করি না।' তিনি যুক্তি দেন, মানুষের ব্যক্তিগত জীবনে এক মাপকাঠি আর পেশাগত জীবনে অন্য মাপকাঠি থাকতে পারে না। কেউ যদি জনসমক্ষে কোনও পণ্য ভালো বলে প্রচার করেন, তবে সেই একই মানদণ্ড প্রচারকারীর নিজের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। তুকারাম মুন্ধের কথায়, 'অন্য কাউকে সেটা মেনে চলতে বলার কী অর্থ? আগে নিজের থেকে শুরু করা হোক।' পান ও গুটখার বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, 'আপনি যদি পান বা গুটখার বিজ্ঞাপন করেন, তাহলে প্রথমে আপনারই তা খাওয়া উচিত। আপনার সন্তানদের তা খেতে দিন এবং অভ্যাসে পরিণত করুন। তারপর বাকি সবাইকে তা করতে বলুন। এর উল্টোটা হতে যাবে কেন?'
তিনি ফের জোর দিয়ে বলেন, পণ্যের প্রচার মানে শুধুমাত্র কোনও ব্র্যান্ডে নিজের মুখ দেখানো নয়। যিনি প্রচার করছেন, তিনি সাধারণ মানুষকে যা খেতে বলছেন বা বিশ্বাস করাতে চাইছেন, তার প্রতিও তাঁর দায়িত্ব থেকে যায়। তুকারাম মুন্ধে বলেন, এই বিষয়টি কেবল নৈতিকতা বা ব্যক্তিগত মূল্যবোধের নয়। তুকারাম মুন্ধের বক্তব্য, বিজ্ঞাপনে কোনও পণ্যের প্রচারের ক্ষেত্রে শুধু প্রস্তুতকারক সংস্থার নয়, বিজ্ঞাপনে অংশ নেওয়া ব্যক্তিরও দায়িত্ব রয়েছে। অর্থাৎ তারকার পরিচিতি বা জনপ্রিয়তার কারণে কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না।
আপাতত পান মশলা বিজ্ঞাপন বিতর্ক থামছে না। শাহরুখ খান, অজয় দেবগণ ও টাইগার শ্রফের মতো তিন জনপ্রিয় তারকার নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি যে বলিউডে ফের আলোচনার কেন্দ্রে, তা বলাই যায়। এখন নজর এফডিএ-র পরবর্তী পদক্ষেপে দিকে।
E-Paper

